চলমান শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিভিন্ন বিপণিবিতান ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আজ বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছেন পোশাক শ্রমিকেরা। অন্যদিকে, ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

শ্রমিকদের এই অসন্তোষের ফলে আজ বৃহস্পতিবার গাজীপুর ও সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় অর্ধশতাধিক কারখানা বন্ধ রাখা হয়েছে।

মাওনা চৌরাস্তা এলাকার একাধিক ব্যবসায়ীর অভিযোগ, আজ বেলা সাড়ে ১১টার দিকে লাঠিসোঁটা হাতে শতাধিক ব্যক্তি বিভিন্ন মার্কেটে ঢুকে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এই আকস্মিক হামলায় আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা।

মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, “বিভিন্ন দোকানের কাচসহ অন্যান্য ক্ষতি হয়েছে। ফলে এলাকাটিতে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।”

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই লাঠিসোঁটা হাতে একদল যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। পরবর্তীতে তাঁরা আনসার রোড এলাকা হয়ে মাওনা চৌরাস্তায় এসে বিভিন্ন দোকান ও মার্কেটে হামলা চালান।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ অন্যান্য দাবিতে চলমান আন্দোলনের ফলে আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের শিল্পাঞ্চল। এই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভের পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যানুযায়ী, আজ সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত পাঁচ দফা সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।

আজ সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, হাজী পাম্প ও আনসার রোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে অবরোধ করেন শ্রমিকদের একটি অংশ। এর ফলে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাঁদের এক স্থান থেকে সরিয়ে দিলে তাঁরা অন্য স্থানে গিয়ে পুনরায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান লকডাউনে সৃষ্ট নৈরাজ্য রোধ করতে আজ ভোর থেকে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে।

গতকাল থেকেই গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, এক নং সিঅ্যান্ডবি এবং নতুন বাজারসহ বিভিন্ন এলাকার প্রায় সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।”

অন্যদিকে, আজ বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টার সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এই ঘটনার পর ওই এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, “বেলা পৌনে ১১টার দিকে জিরাব পুকুরপাড় শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সড়কে জড়ো হলে তাঁদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।”

এদিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় মো. শাহিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় লোকজন। আটক করার পর তাঁকে পিটুনি দেওয়া হয় এবং পরবর্তীতে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে শাহিন ককটেল নিক্ষেপ করেন। ককটেলটি বিস্ফোরিত হওয়ার পর তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন, তবে স্থানীয়রা তাঁকে ধাওয়া করে ধরে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।