গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকেই আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকা। শ্রমিকদের এই বিক্ষোভের ফলে মহাসড়কে চরম উত্তেজনা বিরাজ করছিল।
ঘটনা প্রসঙ্গে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।”
উল্লেখ্য যে, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের আন্দোলন চলছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় শ্রমিকরা বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে আসছিল। এসব সহিংস ঘটনায় পুলিশ সদস্য এবং সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া গতকাল পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন এবং কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।