শ্রমিকপক্ষের পক্ষ থেকে ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। এর বিপরীতে আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডে নিজেদের প্রস্তাব পেশ করবেন মালিকপক্ষের প্রতিনিধিরা। তবে মজুরি পুনর্নির্ধারণের এই প্রক্রিয়া চলমান থাকলেও তৈরি পোশাক খাতের শ্রম পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি।

গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেশ কিছু কারখানার পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। অন্যদিকে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন। সামগ্রিক পরিস্থিতির কারণে গাজীপুর ও সাভার-আশুলিয়া এলাকার প্রায় ২০০টি কারখানা কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হয়েছে। টানা কয়েক দিনের অস্থিরতার পরিপ্রেক্ষিতে সাভার-আশুলিয়ায় সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা।

এই উত্তপ্ত পরিস্থিতির মুখে আগামীকাল শনিবার বিজিএমইএর উত্তরা কার্যালয়ে সদস্যদের নিয়ে একটি বিশেষ সাধারণ সভা ডেকেছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এই সভায় সিদ্ধান্ত হতে পারে যে, যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হতে অস্বীকার করছেন, সেই কারখানাগুলো ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ রাখা হবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনায় অংশ না নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।

গত বুধবার বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আগামীকাল শনিবারের এই বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, খন্দকার রফিকুল ইসলাম, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার এবং নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন প্রমুখ।

বিষয়টি জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান মুক্তকণ্ঠকে বলেন, “মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। বুধবারের সভায় সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শনিবার জরুরি সাধারণ সভা হবে। সেখানে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের আলোচনায় আমরা যাব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কারণ, আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।”

আগামী সভায় মালিকপক্ষ কি মজুরি প্রস্তাব দেবে না—এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, “আমরা মজুরি প্রস্তাব দেব। তবে আলোচনায় অংশ নেব না। কারণ, আমাদের রাস্তায় ব্যস্ত রাখা হলে আমরা আলোচনায় সুস্থির হব কীভাবে?”

উল্লেখ্য, গত মাস থেকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন পোশাকশিল্পের শ্রমিকেরা। এই আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মজুরি নিয়ে আলোচনা শুরু হওয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও তা পুরোপুরি শান্ত হয়নি; প্রতিদিনই অনেক কারখানা ছুটি দিতে বাধ্য হচ্ছে।

বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার ও সোমবার পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। তবে মঙ্গলবার থেকে শ্রম বিক্ষোভের কারণে ছুটি দেওয়া কারখানার সংখ্যা বাড়তে থাকে। মঙ্গলবার ১৪৬টি কারখানা ছুটি দিলে বুধবার তা বেড়ে হয় ১৮২টি এবং গতকাল এই সংখ্যা দাঁড়িয়েছে ২০৪টিতে। এর মধ্যে ১৩৭টি কারখানা সাভার-আশুলিয়ায় এবং ৬৭টি গাজীপুরে অবস্থিত।

মালিকপক্ষ যদি মজুরি আলোচনায় অংশ না নেন তবে কী হতে পারে—এমন প্রশ্নে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মুক্তকণ্ঠকে বলেন, “আমরা শ্রমিক ফেডারেশন থেকে কোনো ধরনের শ্রমিক ধর্মঘট ডাকি নাই। আন্দোলন করতেও আমরা শ্রমিকদের বলি নাই। শ্রমিকদের আন্দোলনে অন্য অনেক মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মালিকপক্ষ আলোচনায় অংশ না নিলে আমরা মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেব।”

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার শ্রমিকেরা গতকাল সকালে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।

এদিকে সাভারের আশুলিয়ায় বেশ কিছু কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন। সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি ও পুলিশ সদস্যদের মোতায়েন দেখা গেছে।

জানা গেছে, গতকাল সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তবে জামগড়া এলাকার চার থেকে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ করতে অস্বীকৃতি জানিয়ে বেরিয়ে যান। অধিকাংশ শ্রমিক নিজ নিজ গন্তব্যে চলে গেলেও কিছু শ্রমিক এলাকার বিভিন্ন গলিতে অবস্থান করে কয়েকটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। পুলিশ ধাওয়া করে তাদের সরিয়ে দেয় এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার নিউএজ ও অরুণিমা গ্রুপের তিনটি করে মোট ছয়টি পোশাক কারখানা গতকাল ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া সাভারের হেমায়েতপুরের জিনস ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামের একটি পোশাক কারখানাও বন্ধ করা হয়েছে।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার ও প্রতিনিধি, গাজীপুর]