১৩ বছর আগের কথা। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষ ন্যূনতম মজুরি মাত্র ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাব পেশ করে। মজুরি বৃদ্ধির এই অতি সামান্য প্রস্তাবের ফলে ক্ষুব্ধ হয়ে সব শিল্পাঞ্চলের শ্রমিকেরা রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই উত্তাল সময়ে কারখানা ও যানবাহন ভাঙচুর এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে। গাজীপুরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে চারটি রাইফেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হন শতাধিক শ্রমিক।

সেই সময়ে আন্দোলনরত বহু শ্রমিকের সঙ্গে মুক্তকণ্ঠের এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেছিলেন, “বিজিএমইএ কোন বিবেচনায় ৬০০ টাকার মজুরি বৃদ্ধির প্রস্তাব দিল? ঘরভাড়া আর খাওয়ার খরচেই তো বেতনের সব টাকা চলে যায়। অমানুষিক পরিশ্রমের পর এই বেতন কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করে তারা শ্রমিকদের সঙ্গে ঠাট্টা করেছে বিজিএমইএ।”

ওই বছর টানা কয়েক দিন ধরে চলা তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত মজুরি বাড়াতে রাজি হয় মালিকপক্ষ। চূড়ান্তভাবে ওই মজুরি বোর্ডে পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। উল্লেখ্য, রানা প্লাজা ধসের পর পোশাক শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি দেশ ও বিদেশে ব্যাপক সমালোচিত হলে সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছিল।

কেবল ২০১৩ সালেই নয়, ২০২৩ সালেও প্রায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবারই দেখা গেছে, শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অত্যন্ত নগণ্য। আর এই স্বল্প প্রস্তাবই বড় ধরনের শ্রমিক আন্দোলনকে উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন এবং দীর্ঘ দর-কষাকষির পর মালিকপক্ষ তাদের প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে সম্মত হয়।

২০১৮ সালে মজুরি ঘোষণার পর আন্দোলন

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে ২০১৮ সালের জানুয়ারিতে নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়। এর আগে থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল।

তবে শ্রমিক সংগঠনের সেই দাবি উপেক্ষা করে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ১২ হাজার ২০ টাকা মজুরির প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েন। অন্যদিকে মালিকপক্ষ ৬ হাজার ৩৬০ টাকা প্রস্তাব করায় তা বিতর্কিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করা হয়। শ্রম মন্ত্রণালয় ২৫ নভেম্বর নতুন মজুরিকাঠামোর প্রজ্ঞাপন জারি করে, যা ডিসেম্বরে কার্যকর হয়।

প্রজ্ঞাপন জারির পর প্রথমে নারায়ণগঞ্জ এবং পরবর্তীতে গাজীপুর ও আশুলিয়ার শতাধিক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। কারখানার পাশাপাশি এর মূল কারণ ছিল নিম্নতম বা সপ্তম গ্রেডের মজুরি ২ হাজার ৭০০ টাকা বৃদ্ধি পাওয়া। তবে ওপরের গ্রেডে (৩, ৪ ও ৫ গ্রেড) মজুরি যে পরিমাণ নির্ধারিত হয়, তার কাছাকাছি মজুরি শ্রমিকেরা আগেই পেতেন। প্রতি বছর ৫ শতাংশ ইনক্রিমেন্ট হওয়ার ফলে এমনটি ঘটেছিল। ফলে নতুন কাঠামোতে পুরনো শ্রমিকদের ভাগ্যের তেমন কোনো উন্নতি হয়নি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মজুরি নিয়ে শ্রমিকদের এই আন্দোলনে পোশাকশিল্পের মালিকেরা বেশ দুশ্চিন্তায় পড়ে যান। দফায় দফায় পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর শ্রম অসন্তোষ রুখতে শিল্প পুলিশ, র‍্যাব ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা মাঠে নামেন। নানামুখী চেষ্টার পর শেষ পর্যন্ত শ্রম আন্দোলন নিয়ন্ত্রণে আসে।

গতবারও মালিকদের প্রস্তাবে আন্দোলন

২০২৩ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে সরকার মজুরি বোর্ড গঠন করে। পরবর্তী ছয় মাসে বোর্ডের তিনটি সভা অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই প্রস্তাব দেয়নি। এই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ২২ অক্টোবর অনুষ্ঠিত চতুর্থ সভায় শ্রমিক ও মালিক উভয় পক্ষই মজুরি প্রস্তাব পেশ করে। শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরির দাবি জানান। এর বিপরীতে মালিকপক্ষ প্রায় অর্ধেক, অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব দেয়।

মালিকপক্ষের এই স্বল্প প্রস্তাবের পরদিন থেকেই পোশাক শ্রমিকেরা আন্দোলনে নামেন। মিরপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও গাজীপুরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। ৩০ অক্টোবর গাজীপুরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় রাসেল হাওলাদার নামের এক শ্রমিক মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পরবর্তী সময়ে ২০০টি কারখানা বন্ধ করে দেন মালিকেরা।

মজুরি নিয়ে শ্রমিকদের তিন সপ্তাহের এই আন্দোলনে রাসেল হাওলাদার ছাড়াও ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের আরও তিনজন পোশাক শ্রমিক মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মালিকপক্ষ নতুন করে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। ৭ নভেম্বর মালিকপক্ষ আগের প্রস্তাবের চেয়ে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়, যা পরবর্তীতে চূড়ান্ত হয়। ১ ডিসেম্বর নতুন এই মজুরি কাঠামো কার্যকর করা হয়।

এবার কী হবে

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকেই আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে এবং ওই সভায় মালিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাব পেশ করবেন।

এদিকে মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা পুরোপুরি শান্ত হয়নি। গত সপ্তাহে সব দিনই সাভার-আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে, যার ফলে প্রতিদিন বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়। গত বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন গাজীপুর মোটামুটি শান্ত ছিল। আর চলতি মাসের প্রথম সপ্তাহের দুই দিন নারায়ণগঞ্জে শ্রম অসন্তোষ হলেও এরপর পরিস্থিতি শান্ত রয়েছে।

মালিকপক্ষ এখনো তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেনি। তবে কয়েকজন মালিকপক্ষের তথ্যানুযায়ী, মজুরি প্রস্তাবে এবারও পুরনো কৌশলেই হাঁটবেন মালিকেরা। অর্থাৎ, খুব কম মজুরি প্রস্তাব দিয়েই আলোচনা শুরু করবেন তাঁরা। বরাবরের মতো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি সামনে আনা হবে। এখানে শ্রমিকদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চাহিদার বিষয়টি অনেকটা গৌণ হয়ে থাকবে।

বর্তমান সময়ের উচ্চ মূল্যস্ফীতির মাঝে মালিকেরা যদি শেষ পর্যন্ত কম মজুরি প্রস্তাব দেন, তবে ২০১৩ বা ২০২৩ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।