নিজের কন্যাসন্তানের স্বপ্নপূরণের পথে কোনো আপস করতে রাজি নন অনেক বাবা। পড়াশোনা, ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত স্বাধীনতা—সবক্ষেত্রেই মেয়েকে এগিয়ে রাখতে চান তাঁরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই একই মানুষ যখন নিজের স্ত্রীর স্বপ্নের কথা চিন্তা করেন, তখন সেখানে নানা শর্ত জুড়ে দেন। মেয়ের জন্য যে স্বাধীনতার কথা তাঁরা বলেন, স্ত্রীর ক্ষেত্রে সেটিই কেন মেনে নিতে পারেন না? বাবা হিসেবে ভালোবাসার কোনো কমতি না থাকলেও, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্ব, সম্মান এবং ভালোবাসার জায়গায় কি কোথাও ঘাটতি থেকে যাচ্ছে?
একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি শুরু করা যাক। সংগত কারণেই তাঁর নাম প্রকাশ করা হচ্ছে না। মাসখানেক আগে একদিন খেতে বসে তাঁর সঙ্গে আলাপ হচ্ছিল। কথায় কথায় জানা গেল, তাঁর স্ত্রীর চাকরি করার প্রবল ইচ্ছা। তিনি সেই ইচ্ছায় বাধা দিচ্ছেন না ঠিকই, তবে সেখানে একটি শর্ত জুড়ে দিয়েছেন। কী সেই শর্ত, জানতে চাইলে তিনি বলেন, “তাহলে আমি চাকরি ছেড়ে দেব।”
এমন শর্তের পেছনে তাঁর নিজস্ব যুক্তি রয়েছে। তাঁর মতে, মা-বাবা দুজনেই অফিস করলে তাঁদের একমাত্র মেয়ের যত্নে অবহেলা হতে পারে। বাসায় নির্ভরযোগ্য কোনো অভিভাবক নেই। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা মা বাড়িতে না থাকায় মেয়ের খাওয়াদাওয়ায় সমস্যা হলে কী হবে? বড় হয়ে মেয়ে যদি একদিন কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করে, “তোমরা কেন কেউ বাসায় থাকলে না?” বাবা হিসেবে মেয়ের সেই কষ্ট তিনি মেনে নিতে পারবেন না। কথাগুলো শুনে আমি অবাক হয়েছিলাম। একজন আধুনিক মানুষের কাছ থেকে এমন শর্ত আশা করিনি। কিছুটা আড়ষ্টতা নিয়েই আমি পাল্টা প্রশ্ন করলাম, “কেউ যদি তোমার মেয়ের সঙ্গে এমনটা করে?” তিনি আর কোনো উত্তর দিতে পারলেন না।
এখনো অনেক তরুণের মধ্যে এমন মানসিকতা লক্ষ্য করা যায়। সন্তানের বিষয়ে শতভাগ মনোযোগী মানুষটি নিজের স্ত্রীর ইচ্ছা, স্বপ্ন কিংবা ব্যক্তিগত সাফল্যের ব্যাপারে যেন ঠিক ততটাই উদাসীন। কখনো কখনো সামাজিক পরিসরে স্ত্রীকে তাচ্ছিল্য করতেও তাঁদের কোনো সংকোচ হয় না। আমার পরিবারের এক আত্মীয়ের কথা বলা যায়। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তা। চিন্তাচেতনায় অত্যন্ত আধুনিক। তাঁর এক কন্যাসন্তান আছে, যে দেশের একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে এবং পড়াশোনার পাশাপাশি নাচ-গানেও সুনাম কুড়িয়েছে। অথচ তাঁর স্ত্রীর মনে জমে আছে অনেক অভিমান আর দীর্ঘশ্বাস। তাঁর খুব ইচ্ছা ছিল গান শেখার এবং টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠের স্বপ্নও দেখতেন তিনি। কিন্তু মেয়ের পড়াশোনা কিংবা বেড়ে ওঠার ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় পরিবারের কেউ তাঁকে সেই ইচ্ছাগুলো পূরণ করতে দেননি।
বিষয়টি তখনো আমাকে ভাবিয়েছিল, এখনো ভাবায়। যে বাবা চান তাঁর মেয়ে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পেয়ে বড় হোক এবং ভবিষ্যতে নিজের পছন্দের ক্যারিয়ার গড়ুক, সেই মানুষটি কেন স্ত্রীর স্বপ্নপূরণের পথে শর্ত জুড়ে দেন? তাঁর মেয়ে বড় হওয়ার পর জামাতা যদি একই আচরণ করেন, তবে বাবা হিসেবে তিনি কি তা মেনে নিতে পারবেন?
আমি নিজেও এক কন্যাসন্তানের মা। নিজের অনেক ইচ্ছা অপূর্ণ থেকে গেলেও সন্তানের বেলায় সেসব পূরণ হতে দেখলে ভালো লাগে। কিন্তু এমন পরিস্থিতিতে মেয়ের বাবাকে কখনো কখনো বলতে শুনি, “তুমি আর আমার মেয়ে কি এক হলে?” এই একটি কথার মধ্যেই যেন লুকিয়ে আছে আমাদের সমাজের এক অদ্ভুত বৈপরীত্য। বাবা হিসেবে যে মানুষ সন্তানের জন্য সর্বোচ্চটা করতে চান, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি সেই একই যত্ন বা মনোযোগ অনেক সময় দেখাতে চান না।
সম্প্রতি ফেসবুকে এক নতুন বাবার একটি স্ট্যাটাস বেশ আলোচনায় এসেছে। মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন, “...আমার ওয়াইফ প্রায় তিন বছরে তার বাবার বাড়িতে আমাকে মোট তিন দিন নিতে পারে নাই অথচ এই মেয়ে তার তিন মাস বয়সেই তার নানুবাড়িতে আমাকে তিন সাতে মোট ২১ দিন নিয়ে গেছে। আমার মেসেঞ্জারের নোটিফিকেশন বন্ধ ছিল সব সময়, এই মেয়ে আমার মেসেঞ্জারের নোটিফিকেশন অন করিয়েছে। যেখানে ওর মায়ের মেসেজ কোনো দিন চেকই করতাম না, কালেভদ্রে হয়তো কল রিসিভ করতাম, সেখানে এই মেয়ের জন্য এখন ওর মাকে আমার প্রতিদিন মাল্টিপল টাইম কল করতে হয়।”
অর্থাৎ, মেয়ের জন্মের পর তিনি নিয়মিত শ্বশুরবাড়ি যাচ্ছেন, স্ত্রীর মেসেজ দেখছেন এবং বারবার ফোন করে সন্তানের খবর নিচ্ছেন। অথচ সন্তান জন্মের আগে স্ত্রীর জন্য এসব করার প্রয়োজন বোধ করতেন না। স্ট্যাটাসটি নিয়ে ফেসবুকে নানা মন্তব্য এসেছে। একজন লিখেছেন, “তোমার মেয়েকে তোমার মতোই একজনের হাতে তুলে দিও ব্রো।” আরেকজনের মন্তব্যে উঠে এসেছে সমাজের দ্বিমুখী মানসিকতার কথা। অন্যের সন্তানের সঙ্গে আমরা যে আচরণ করতে পারি, নিজের সন্তানের বেলায় হয়তো সেই একই আচরণ কখনোই মেনে নিতে পারব না। কেউ আবার মনে করিয়ে দিয়েছেন সেই পরিচিত কথাটি, “তুমি আর আমার মেয়ে কি এক হলে?” অথচ যাঁকে এ কথা বলা হচ্ছে, তিনিও যে কারও আদরের সন্তান, সেটিই যেন ভুলে যাই আমরা।
এখানে প্রশ্নটি মেয়ের প্রতি বাবার ভালোবাসা নিয়ে নয়; বরং সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে স্ত্রীর প্রতি নিজের দীর্ঘদিনের অবহেলাকে এত স্বাভাবিকভাবে তুলে ধরা নিয়েই প্রশ্ন। একজন ব্যক্তি বাবা হওয়ার পর সন্তানের প্রতি আরও যত্নশীল হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্ত্রীকে গুরুত্ব দেওয়ার জন্য কি সন্তানের জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে?
বিষয়টি নিয়ে কথা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সুলতানা মোস্তফা খানমের সঙ্গে। এই সমাজবিজ্ঞানী বলেন, সবাই নয়, তবে এখনো অনেক পুরুষের মধ্যে এমন এক ধরনের অহংবোধ কাজ করে যে স্ত্রীকে বেশি প্রাধান্য দিলে সংসারে নিজের গুরুত্ব কমে যাবে। এর পেছনে বেড়ে ওঠা ও সামাজিকীকরণের বড় ভূমিকা আছে। ছোটবেলা থেকে পরিবারে নারীদের প্রতি অবহেলা বা অসম্মান দেখে বড় হলে সেই মানসিকতা পরবর্তী জীবনেও প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, অনেক পুরুষ স্ত্রীর ক্যারিয়ারে সাফল্য নিয়েও একধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন। কেউ কেউ মনে করেন, নারী স্বাধীন হলে কিংবা তাঁকে বেশি গুরুত্ব দেওয়া হলে তিনি সংসারের প্রতি অমনোযোগী হয়ে উঠবেন। অন্যদিকে নিজের কন্যাসন্তানকে এগিয়ে নেওয়ার পেছনে কিছু মনস্তাত্ত্বিক বিষয়ও কাজ করতে পারে। যেমন অনেক বাবা ভাবেন, মেয়ে কোনো ক্ষেত্রে সেরা হলে তার সাফল্যের সঙ্গে বাবার নামও জড়িয়ে থাকবে।
তবে সব পুরুষের মানসিকতা এক নয়। এমন অনেক পুরুষও আছেন, যাঁরা স্ত্রী ও কন্যাসন্তান উভয়ের স্বপ্ন, স্বাধীনতা এবং ব্যক্তিগত সাফল্যকে সমানভাবে সম্মান করেন। তাঁরা চান, নারীরা কারও পরিচয়ের ছায়ায় নয়, নিজেদের যোগ্যতা ও সামর্থ্য নিয়ে নিজস্ব গতিতে এগিয়ে যাক। এমন দৃষ্টিভঙ্গিই তো প্রত্যাশিত। সন্তানকে ভালোবাসা আর জীবনসঙ্গীকে সম্মান করা পরস্পরবিরোধী কিছু নয়। বরং একটি পরিবারে দুটিই সমান গুরুত্বপূর্ণ। যাঁরা নিজের মেয়েকে প্রাণ দিয়ে ভালোবাসেন, অথচ স্ত্রীর ইচ্ছা, স্বপ্ন কিংবা অনুভূতিকে গুরুত্ব দেন না, তাঁদের কাছে আমার একটি প্রশ্ন—আপনার মেয়েও তো একদিন বড় হবে। নিজের জীবন গড়বে, হয়তো কারও স্ত্রী হবে। তখন তাঁর স্বামী যদি আপনার মতোই আচরণ করেন, তাঁর স্বপ্নের পথে শর্ত জুড়ে দেন কিংবা তাঁকে অবহেলা করেন, বাবা হিসেবে আপনার কেমন লাগবে? মনে রাখবেন, আপনার স্ত্রীও কারও আদরের মেয়ে।
(ব্যক্তিগত গোপনীয়তার কারণে লেখাটিতে লেখকের আসল নাম ব্যবহার করা হয়নি)