বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কিছু প্রশ্ন অত্যন্ত প্রচলিত। কোনো দম্পতির বিয়ের খুব অল্প সময় পার হলেই পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মুখে শোনা যায়, ‘সুখবর কবে?’, ‘বাচ্চা হচ্ছে না কেন?’। যদি কোনো দম্পতি দুই-তিন বছর পর সন্তান নেওয়ার কথা বলেন, তবে চারপাশের মানুষ ‘দেরি হয়ে যাবে’ বলে হইচই শুরু করেন। আর যদি কেউ স্পষ্টভাবে জানিয়ে দেন যে তাঁরা সন্তান নিতে আগ্রহী নন, তবে তাঁদের দিকে এমনভাবে তাকানো হয় যেন দম্পতির কোনো গুরুতর সমস্যা রয়েছে। এই সামাজিক পরিবেশের কারণে বিয়ের পর একজন নারীর জীবনের অন্যতম প্রধান প্রত্যাশা হয়ে দাঁড়ায় মা হওয়া।
শুরুতে এই প্রশ্নগুলো সাধারণ সামাজিক কৌতূহল মনে হলেও, এর গভীরে নারীর ওপর এক অদৃশ্য চাপ কাজ করে। একজন নারীর শিক্ষা, ব্যক্তিত্ব, মানবিক গুণাবলি কিংবা পেশাগত সাফল্যের চেয়ে অনেক সময় তাঁর মাতৃত্বের সক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়। ফলে মাতৃত্ব ব্যক্তিগত অভিজ্ঞতার বদলে নারীর সামাজিক যোগ্যতার মাপকাঠিতে পরিণত হয়। কিন্তু প্রশ্ন জাগে, একজন নারী কি কেবল মা হওয়ার মাধ্যমেই পূর্ণতা পান? সন্তান জন্ম দিতে না পারলে কি স্ত্রী হিসেবে বা মানুষ হিসেবে তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা কমে যায়? বাংলাদেশের বর্তমান সমাজে এই প্রশ্নগুলো অত্যন্ত প্রাসঙ্গিক।
সম্প্রতি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে এক নারীর ঘটনা সামনে এসেছে, যেখানে তিনি স্বামীর পা ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানিয়েছেন। এই সংবাদটি আমাদের আবারও নারীর মাতৃত্ব, দাম্পত্য সম্পর্ক এবং পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এই ঘটনাটি কেবল একটি দাম্পত্য সম্পর্কের ভাঙনের গল্প নয়; বরং নারীর শরীর, প্রজননক্ষমতা এবং সামাজিক মর্যাদাকে কেন্দ্র করে গড়ে ওঠা জেন্ডার বৈষম্যের এক করুণ প্রতিফলন। উল্লেখ্য, দেশে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়, এর আগেও এমন দৃষ্টান্ত দেখা গেছে।
জেন্ডার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, মাতৃত্বকে নারীর স্বাভাবিক ও অপরিহার্য দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করার পেছনে দীর্ঘদিনের পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো কাজ করে। সামাজিক নির্মাণবাদের তত্ত্ব অনুযায়ী, সমাজে প্রচলিত অনেক ধারণা প্রাকৃতিক নয়, বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রক্রিয়ায় নির্মিত হয়। মাতৃত্বকে নারীর একমাত্র অপরিহার্য দায়িত্ব হিসেবে দেখার ধারণাটিও তেমনই একটি সামাজিক নির্মাণ। এর ফলে মাতৃত্ব ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে সরে গিয়ে একটি সামাজিক বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। নারীর শিক্ষা বা ব্যক্তিত্বের চেয়ে মা হওয়ার সক্ষমতাকে প্রাধান্য দেওয়ার প্রবণতা এই সামাজিক নির্মাণেরই বহিঃপ্রকাশ। অন্যদিকে, নারীবাদী তত্ত্ব অনুযায়ী, পুরুষতান্ত্রিক সমাজে নারীর শরীর তাঁর নিজস্ব নিয়ন্ত্রণের বিষয় না হয়ে পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণের মাধ্যম হয়ে ওঠে। সন্তান জন্মদানের সক্ষমতাকে প্রধান দায়িত্ব বানিয়ে তাঁর ব্যক্তিসত্তা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করা হয়। এই কাঠামোর প্রভাবেই অনেক নারী বিশ্বাস করতে শুরু করেন যে, একমাত্র মাতৃত্বই তাঁকে পূর্ণতা দিতে পারে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সন্তান না হওয়ার দায়ভার সাধারণত নারীর ওপর চাপিয়ে দেওয়া হয়। গফম্যানের সোশ্যাল স্টিগমা তত্ত্ব অনুযায়ী, সমাজ যখন কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নেতিবাচকভাবে চিহ্নিত করে, তখন সেই বৈশিষ্ট্যটি তাঁর সামগ্রিক পরিচয়কে ঢেকে দেয়। সন্তান জন্ম দিতে না পারার কারণে একজন নারীকে ‘অপূর্ণ’, ‘অক্ষম’ কিংবা ‘অভাগী’ হিসেবে চিহ্নিত করার প্রবণতা এর প্রকৃষ্ট উদাহরণ। ফলে নারী কেবল দাম্পত্য জীবনেই নয়, বরং বৃহত্তর সামাজিক পরিসরেও মানসিক চাপ ও অবমূল্যায়নের শিকার হন।
অথচ চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বন্ধ্যত্ব নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। ২০২৫ সালে ‘আমেরিকান জার্নাল অব ম্যানস হেলথ’-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরুষের প্রজননস্বাস্থ্যও সন্তান ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গবেষণার প্রেক্ষিতে ২০২০ ও ২০২৪ সালের দুটি আলোচনায় উঠে এসেছে যে, বন্ধ্যত্বের ঘটনাগুলোর প্রায় এক-তৃতীয়াংশের জন্য পুরুষের প্রজননজনিত সমস্যা দায়ী। আরও এক-তৃতীয়াংশ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের প্রজননজনিত সমস্যার সমন্বয় দেখা যায়। তা সত্ত্বেও বাংলাদেশের সমাজে বন্ধ্যত্বের জন্য প্রায়ই শুধু নারীদের দায়ী করা হয়, যদিও বন্ধ্যত্বের মোট ঘটনার ৪০-৫০ শতাংশের জন্য পুরুষরাও দায়ী। অর্থাৎ, একটি চিকিৎসাগত বিষয়কেও সমাজ নারীর ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে উপস্থাপন করে। বিপরীতে, পুরুষের প্রজননস্বাস্থ্য নিয়ে সামাজিক আলোচনা অত্যন্ত সীমিত।
মাতৃত্ব নারীর জীবনে একটি অর্থবহ ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে, তবে তা কখনোই বাধ্যতামূলক পরিচয় হওয়া উচিত নয়। একজন নারী মা হবেন কি না, কখন হবেন বা আদৌ হবেন কি না—তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত জীবন, অধিকার ও সিদ্ধান্তের বিষয়। এটি দম্পতিদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। দাম্পত্য সম্পর্ক কেবল সন্তান জন্মদানের ওপর নির্ভরশীল হতে পারে না; বরং ভালোবাসা, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ এবং সমান মর্যাদাই হওয়া উচিত সম্পর্কের ভিত্তি। অন্যথায় বরিশালের মতো ঘটনা বারবার ঘটতে থাকবে।
একজন নারী সংসারে ভালোবাসা, শ্রম, যত্ন, অর্থনৈতিক অবদান ও আবেগের মাধ্যমে প্রতিনিয়ত তাঁর ভূমিকা পালন করে চলেছেন। নিজের ব্যক্তিগত ইচ্ছা, স্বপ্ন ও ভালো লাগাকে সরিয়ে রেখে তিনি পরিবারকে সমুন্নত রাখেন। কিন্তু এই অবদানের স্বীকৃতি দিতে অনেকেই কার্পণ্য করেন। এমনকি যারা স্বীকৃতি দেন, তাঁরাও নারী সন্তান জন্ম দিতে অক্ষম হলে মুহূর্তেই তাঁর সব অবদান অস্বীকার করেন। এটি কেবল জেন্ডার বৈষম্য নয়, বরং নারীর মর্যাদার প্রতি চরম অবমূল্যায়ন।
পুনরায় বলা প্রয়োজন যে, মাতৃত্ব নারীর জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তা বাধ্যতামূলক পরিচয় হতে পারে না। একজন নারী মা হবেন কি না, তা তাঁর ব্যক্তিগত অধিকার ও সিদ্ধান্তের বিষয়। ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে দাম্পত্য সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, অন্যথায় বরিশালের মতো ঘটনা পুনরাবৃত্ত হবে।
পরিশেষে, প্রশ্নটি কেবল মাতৃত্বের সক্ষমতা নিয়ে নয়, বরং আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। যে সমাজ একজন নারীকে মাতৃত্বের পরিচয়ের বাইরে দেখতে শেখেনি, সেখানে প্রকৃত জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা কঠিন। মনে রাখতে হবে, মাতৃত্বের ব্যক্তিগত অভিজ্ঞতা এক বিষয় এবং সমাজ নির্ধারিত মাতৃত্বের ধারণা সম্পূর্ণ ভিন্ন। মাতৃত্ব নারীর একটি পরিচয় হতে পারে, কিন্তু তা তাঁর যোগ্যতা, পূর্ণতা কিংবা মানবিক মর্যাদার একমাত্র মাপকাঠি নয়। নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন করার সামাজিক সংস্কৃতি গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য। পাশাপাশি নারীদেরও নিজেদের মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। তবেই প্রকৃত পরিবর্তন সম্ভব।
সারা মনামী হোসেন : সহযোগী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়