সুন্দর নকশার বিছানার চাদর, দামী তোয়ালে কিংবা পছন্দের পোশাক—অনেকেই এই জিনিসগুলো যত্ন করে তুলে রাখেন কেবল বিশেষ কোনো দিনের জন্য। কিন্তু প্রশ্ন জাগে, নিজের বা পরিবারের সদস্যদের জন্য আমরা কেন সেরা জিনিসগুলো ব্যবহার করি না?

আলমারির কাচের দরজার ওপাশে সাজানো থাকে চমৎকার সব ডিনার সেট। একই নকশার প্লেট, বাটি আর কাপের সেটগুলো সেখানে শোভা পায়। তবে এই সুন্দর বাসনপত্রের ব্যবহার কেবল অতিথিদের জন্যই সীমাবদ্ধ থাকে। অন্যদিকে, পরিবারের সদস্যরা প্রতিদিনের খাবার খান বেমিল নকশার সাধারণ কিংবা পুরোনো হয়ে যাওয়া বাসনে।

মানুষ সাধারণত অন্যের কাছে নিজেকে কীভাবে উপস্থাপন করছে, সে বিষয়ে অত্যন্ত সচেতন থাকে। নিজের রুচি, সামর্থ্য কিংবা জীবনযাপনের মান সম্পর্কে অন্যদের মনে একটি ইতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা করে মানুষ। সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের ভাষায় এই প্রবণতাকে বলা হয় ‘ইমপ্রেশন ম্যানেজমেন্ট’।

কানাডীয়-আমেরিকান সমাজবিজ্ঞানী আরভিং গফম্যান তাঁর ‘দ্য প্রেজেন্টেশন অব সেলফ ইন এভরিডে লাইফ’ বইয়ে মানুষের সামাজিক আচরণকে একটি মঞ্চনাটকের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, মানুষ বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে নিজের একটি নির্দিষ্ট পরিচয় তুলে ধরে। অন্যদের সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করা হয়, ব্যক্তিগত পরিসরে তার আচরণ অনেক সময় ভিন্ন হতে পারে।

অতিথি আপ্যায়নের বিষয়টিও এই ধারণার সঙ্গে মিলে যায়। বাড়িতে অতিথি এলে সুন্দর প্লেট-বাটি বের করা, খাবার টেবিল সাজানো কিংবা ভালো বিছানার চাদর ব্যবহারের মাধ্যমে পরিবারের রুচি ও আতিথেয়তার পরিচয় ফুটে ওঠে। এর মূল উদ্দেশ্য থাকে অতিথির মনে বাড়িটি সম্পর্কে একটি সুন্দর ধারণা তৈরি করা। তবে এর মানে এই নয় যে, অতিথির প্রতি যত্ন কেবল লোকদেখানো; বরং সামাজিক পরিস্থিতি অনুযায়ী মানুষের আচরণ ও আয়োজনের ধরন বদলে যায়।

অনেক পরিবারেই দেখা যায়, অতিথিকে আপ্যায়ন করতে গিয়ে বাড়ির সবচেয়ে সেরা জিনিসগুলো সামনে আনা হয়, অথচ পরিবারের সদস্যদের জন্য প্রতিদিনের আয়োজন থাকে অত্যন্ত সাধারণ। এই অভ্যাসের পেছনে যেমন অতিথিকে বিশেষ মর্যাদা দেওয়ার সামাজিক শিক্ষা কাজ করে, তেমনি অন্যের সামনে নিজেদের আতিথেয়তা ও রুচি প্রদর্শনের প্রবণতাও থাকে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে ২০১৮ সালে প্রকাশিত ‘দ্যাট ওল্ড ফাসি চায়না ক্যান ফিট ইয়োর ক্যাজুয়াল লাইফস্টাইল’ শিরোনামের একটি প্রতিবেদনে ডিজাইনারদের অভিজ্ঞতার কথা উঠে এসেছে। সেখানে দেখা গেছে, অনেকেই ছুটির দিন বা বিশেষ কোনো উপলক্ষ ছাড়া সুন্দর বাসনপত্র ব্যবহার করেন না এবং ঘরও গুছিয়ে রাখেন না। ডিজাইনার টিমোথি করিগ্যান তাঁর অভিজ্ঞতায় জানান, অনেক পরিচিত ব্যক্তি ও ক্রেতা তাঁকে বলেছেন, তাঁরা কেবল ছুটির দিনেই সেরা বাসনপত্র ব্যবহার করেন এবং সুন্দর পোশাক পরেন।

এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পরিষ্কার করার ঝামেলা। তবে করিগ্যান প্রতিদিন নিজের সুন্দর বাসনপত্র ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। তাঁর বক্তব্য, প্রতিটি দিনই বিশেষ; তাই ভালো জিনিস ব্যবহারের জন্য বিশেষ কোনো দিনের অপেক্ষা করার প্রয়োজন নেই। পাশাপাশি নিজেকেও সেলিব্রেট করা প্রয়োজন। তাই শুধু অন্যের কথা না ভেবে নিজেও একদিন সুন্দর বাসনে খাবার খান এবং বিছানায় সুন্দর চাদর পেতে ঘুমান।

ছোটবেলা থেকে পরিবারের বড়দের এমন করতে দেখে অনেকেই এই অভ্যাসের অনুসারী হন। তবে এখন এই অভ্যাস নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। অতিথিকে সম্মান জানানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের ও পরিবারের সদস্যদের প্রতিদিনের জীবনকেও সুন্দর করে তোলা জরুরি। পরিবারের মানুষগুলোই তো প্রতিদিন সেই বাড়িতে সময় কাটান, একসঙ্গে খাবার খান এবং গল্প করেন।

তাঁদের জন্য সুন্দর প্লেট কিংবা পরিপাটি বিছানার আয়োজন করাও হতে পারে ভালোবাসার বহিঃপ্রকাশ। আলমারিতে সাজানো ডিনার সেটটি হয়তো কোনো এক সময় বিশেষ অতিথির কথা ভেবে কেনা হয়েছিল। কিন্তু প্রতিদিনের খাবার টেবিলে বসেন পরিবারের সবচেয়ে কাছের মানুষগুলো। তাঁদের জন্য ভালো জিনিস ব্যবহারে বিশেষ দিনের অপেক্ষা কেন? বিশেষ মুহূর্তের জন্য জীবনকে আটকে না রেখে, প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকেই বরং একটু বিশেষ করে তোলা সম্ভব।