দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। এই বৈঠকে জোটের নেতারা একযোগে ঘোষণা করেছেন যে, দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য তারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিন্টো রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উক্ত বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, “সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা ও সহানুভূতি জানাই। সরকার কঠোর হাতে নৈরাজ্য দমন করবে বলে আশা করি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাই।”
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণকে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে। ১১ দল বর্তমানে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বানে ১১ দল সাড়া দেবে কি না, সেই বিষয়ে জানতে চাইলে মামুনুল হক বলেন, “বিরোধীদলীয় নেতা ইতিমধ্যে সরকারপ্রধানের আহ্বানে প্রাথমিক সাড়া দিয়েছেন। ঐক্যের প্রয়োজনীয়তা সরকারও অনুভব করছে। এই ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।”
সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে প্রশাসনের কোনো গাফিলতি বা দুর্বলতা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আরও সচেতন ও কার্যকর ভূমিকা নেওয়া জরুরি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা অভিযান চালানো হয়নি।”
তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতির ঘটনাগুলো মূলত ফ্যাসিবাদী আওয়ামী লীগের পরাজিত শক্তির সন্ত্রাসী হামলার কারণে ঘটছে। প্রশাসনের ভূমিকার প্রশংসা করলেও তিনি মনে করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সতর্ক, সচেতন ও দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে এই মুহূর্তে প্রশাসনের ব্যর্থতার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না ১১ দল।
তারেক রহমান এবং জামায়াতের আমিরের মধ্যকার বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি জানান, “এটি দুই শীর্ষ নেতার একান্ত বৈঠক। পরাজিত শক্তির মোকাবিলায় দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তাই এ বৈঠকের মধ্য দিয়ে এসেছে বলে করি।”
আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে বিরোধী মতের ব্যক্তিদের খুঁজে বের করত, বর্তমান সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, “এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।”
তিনি ব্যাখ্যা করে বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমেই সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে। পূর্ববর্তী সরকার বিরোধী মত ও পথ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিল। বর্তমান সরকার হয়তো সেই পথে ততটা কঠোর হচ্ছে না, যার ফলে তাদের কার্যক্রমে কিছুটা উদারতা পরিলক্ষিত হতে পারে। তবে পুরো পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়নের জন্য আরও সময়ের প্রয়োজন বলে তিনি মনে করেন।