হিন্দু ধর্মাবলম্বীদের নানাবিধ সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে ডা. শফিকুর রহমানের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনার পর সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে কথা বলেন গোলাম পরোয়ার।
তিনি জানান, "বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনেছেন জামায়াত আমির এবং এসব সমস্যা সমাধানে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।"
উক্ত মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট এবং হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টসহ আরও বেশ কিছু সংস্থা ও সংগঠন।
গোলাম পরোয়ার আরও উল্লেখ করেন যে, ডা. শফিকুর রহমান নিজেকে কেবল একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বরং বিরোধীদলীয় নেতা হিসেবে তার সাংবিধানিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি মনে করেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলা সরকারের যেমন দায়িত্ব, তেমনি বিরোধীদলীয় নেতারও তা সাংবিধানিক কর্তব্য। জামায়াত আমির তার এই দায়িত্বের কথা স্মরণ করেছেন এবং এই বিষয়ে তিনি যতটুকু ভূমিকা পালন করেন, সেটিও উপস্থিত নেতাদের সামনে তুলে ধরেন বলে জানান পরোয়ার।
তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে, বিশেষ করে ৫ আগস্টের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও মন্দির রক্ষায় জামায়াতে ইসলামীর কর্মীদের সাহসী এবং দিনরাত নিরবচ্ছিন্ন ভূমিকার প্রশংসা করেছেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা।"
পরিশেষে তিনি জানান, "এই মতবিনিময় সভায় নেতারা বিভিন্ন জায়গায় কিছু বৈষম্য, বঞ্চনা, অসুবিধা, দুঃখ-কষ্ট ও ডিসক্রিমিনেশনের কথা উল্লেখ করেছেন। তারা সহযোগিতা চেয়েছেন। সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থেকে এসব সমস্যার সমাধান করবে বলে আশ্বাস দিয়েছেন আমাদের নেতা।"