ফ্যাসিবাদী পদ্ধতিতে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর মেনে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি। সেখানে তিনি বর্তমান শাসনব্যবস্থার কার্যকারিতা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে? রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’

ছাত্রীদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করে বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও লেখেন, ‘হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’

ঘটনাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুতe পূরণ করার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।