পিরোজপুরের জিয়ানগরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি আতিকুর রহমান ছগির কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট এবং তার নির্দেশনায় সড়কে টায়ার জ্বালিয়ে লকডাউন কর্মসূচি পালনের ঘটনা সামনে এসেছে। আতিকুর রহমান ছগির তার ফেসবুক অ্যাকাউন্টে ‘গোপালগঞ্জ স্বাধীন, পিরোজপুর লোডিং’ লিখে একটি পোস্ট দিয়েছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়।
গত বুধবার (১৮ নভেম্বর) সকালে আতিকুর রহমান ছগির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই পোস্টটি করেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘গোপালগঞ্জ স্বাধীন, পিরোজপুর লোডিং?’। এই পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকেই এই বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন।
পরবর্তীতে জানা যায়, বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আতিকুর রহমান ছগিরের নির্দেশনায় জিয়ানগর-ঢাকা সড়কে কিছু নেতাকর্মী একত্রিত হন। সেখানে তারা গাছের কাটা অংশ এবং ৫-৬টি টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা গেছে, মুখে মাস্ক পরিহিত ছাত্রলীগের ৮-৯ জন নেতাকর্মী সেখানে উপস্থিত থেকে স্লোগান দিচ্ছিলেন। এই পুরো ঘটনার একটি ভিডিও আতিকুর রহমান ছগির নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। এছাড়া ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খানও ছগিরকে ট্যাগ করে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশি তৎপরতা শুরু হয়েছে। জিয়ানগর (ইন্দুরকানী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, “উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যে সড়কে টায়ার জ্বালানো হয়েছে সেটা শনাক্তের চেষ্টা চালছে। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করা হবে।”