চলচ্চিত্রের গল্পের মতো বাস্তব জীবনেও ঘটে মাঝেমধ্যে অদ্ভুত সব ঘটনা। সিনেমায় প্রায়ই দেখা যায়, প্রেমের বিচ্ছেদে বা মানসিক আঘাতে নায়ক-নায়িকা স্মৃতি হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে অন্য কোনো আঘাতের ফলে সেই স্মৃতি পুনরায় ফিরে পান। রাজশাহীর পবা উপজেলার বেবী খাতুনের জীবনের ঘটনাটি ঠিক তেমনই এক সিনেমার গল্পের কথা মনে করিয়ে দেয়। প্রেম করে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ঘটে বিচ্ছেদ। সেই শোক সইতে না পেরে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বেবী। এরপর দীর্ঘ ১৩ বছর তিনি পথে পথে ঘুরে বেড়িয়েছেন। সম্প্রতি এক রিকশাওয়ালা তাঁর মাথায় ইট ছুড়ে মারলে গুরুতর আহত হন তিনি। এরপরই এক অজ্ঞাত ব্যক্তির সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি তাঁর স্মৃতিশক্তিও ফিরে আসে। বর্তমানে বেবী খাতুন স্বাভাবিক কথা বলছেন এবং নিজের বাড়িতে ফিরে গেছেন।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ৪১ বছর বয়সী বেবী খাতুনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কুখন্ডি গ্রামে। তাঁর বাবার নাম মেহের মোল্লা। ১১ ভাইবোনের মধ্যে তিনি অষ্টম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা বেবী খাতুন দরজির কাজে দক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক জসীম উদ্দিন সম্প্রতি বেবী খাতুনের চিকিৎসা দিয়েছেন। স্মৃতি ফিরে পাওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি মুক্তকণ্ঠকে বলেন, “সিনেমাতে এ রকম দেখা যায় যে আঘাতের পর স্মৃতি হারিয়ে ফের আঘাত পেয়ে স্মৃতি ফিরে পায়, কিন্তু এটা বাস্তবে হয় না। বেবীর ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা কাকতালীয়। চিকিৎসায় বেবী খাতুন সুস্থ হয়েছেন। সেই সঙ্গে স্মৃতি ফিরে পেয়েছেন। এর সঙ্গে আঘাতের কোনো সম্পর্ক নেই। এটাকে ‘কো-ইনসিডেন্ট’ বলা হয়।”

বেবী খাতুনের বড় বোন জিনাহার বেগম জানান, প্রায় ১৯ বছর আগে একই উপজেলার পারিলা গ্রামের সাইফুল ইসলাম নামের এক যুবকের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় স্বামী তাঁকে তালাক দেন। এই অন্যায়ের বিরুদ্ধে বেবী খাতুন আদালতে মামলা করেন এবং আদালত সাইফুল ইসলামকে কারাগারে পাঠান। তবে মায়ার টান উপেক্ষা করতে না পেরে বেবী কারাগারে সাইফুলের সঙ্গে দেখা করতে যান। সেখানে সাইফুল কাকুতি-মিনতি করে বেবীকে বোঝান যে, মামলা তুলে নিলে তিনি পুনরায় তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। সরল বিশ্বাসে বেবী মামলা তুলে নেন, কিন্তু সাইফুল আর তাঁকে মেনে নেননি।

এরই মধ্যে একদিন বেবী নিজেই সাইফুলের বাড়িতে গিয়ে ওঠেন। তখন সাইফুল পুলিশ ডেকে বেবীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। সেই ঘটনার পর থেকেই বেবী খাতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং স্মৃতিভ্রষ্ট হয়ে কাউকে চিনতে পারতেন না। এক পর্যায়ে তিনি বাড়ি ছেড়ে চলে যান। দীর্ঘ সময় পর পরিবারের লোকজন জানতে পারেন যে, বেবী রাজশাহী শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এবং রাস্তায় বসে থাকছেন। তিনি পরিবারের কাউকে চিনতে পারতেন না এবং তাঁকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করলে উন্মাদের মতো আচরণ করতেন।

সর্বশেষ প্রায় দুই বছর ধরে বেবী খাতুন রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পূর্ব পাশের রাস্তার পাশে বসে থাকতেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, তিনি সারাক্ষণ একটি পোঁটলা সাথে রাখতেন, যাতে তাঁর কাপড়চোপড় ও কম্বল ছিল। প্রচণ্ড বৃষ্টি বা কড়া রোদেও তিনি সেখান থেকে নড়তেন না, বরং মড়ার মতো পড়ে থাকতেন। মাঝে মাঝে উঠে বসে অজ্ঞাতনামা কোনো নারীর উদ্দেশে গালাগাল করতেন এবং পথচারীদের দিকে ইট ছুড়ে মারতেন। এই কারণে ওই পথ দিয়ে চলাচল করতে অনেকেই বিব্রত বোধ করতেন।

অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে তাঁকে আর ওই রাস্তায় দেখা যায়নি। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আলিয়া আক্তারের কাছ থেকে জানা যায়, বোয়ালিয়া থানার পাশে বসে থাকা সেই মানসিক ভারসাম্যহীন নারী স্মৃতি ফিরে পেয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

আলিয়া আক্তার দীর্ঘ ২০ বছর ধরে হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাতনামা রোগীদের দেখাশোনা করেন এবং সুস্থ হলে তাঁদের ঠিকানা খুঁজে বের করে বাড়িতে পৌঁছে দেন। তিনি জানান, একজন রিকশাওয়ালা বেবী খাতুনের মাথায় ইট ছুড়ে মেরেছিলেন। এরপর ইনফেকশন হয়ে অবস্থার অবনতি হলে এক ব্যক্তি তাঁকে হাসপাতালে দিয়ে যান। চিকিৎসায় সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্মৃতি ফিরে পান। সুস্থ হয়ে তিনি বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইলে আলিয়া জানান যে, অভিভাবক ছাড়া ছুটি দেওয়া যাবে না। এরপর বেবী বাড়িতে গিয়ে তাঁর দুই বোন জিনাহার বেগম ও সাবিনা বেগমকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। সাবিনা বেগম রেজিস্টারে সই করে বোন বেবী খাতুনকে বুঝে নেন এবং ১১ নভেম্বর তাঁদের ছুটি দেওয়া হয়।

আলিয়ার কাছ থেকে খবর পেয়ে বুধবার (১৮ নভেম্বর) সকালে পবা উপজেলার কুখন্ডি গ্রামে বেবী খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি দুই বোনের সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কথা বলার সময় কিছুটা দেরি হলে বেবী বারবার বলছিলেন, “বুবু চলো”, “বুবু চলো”।

এত দিন পর কীভাবে বাড়ির ঠিকানা খুঁজে পেলেন, সে বিষয়ে বেবী জানান, হাসপাতাল থেকে তিনি বোয়ালিয়া থানায় যান। সেখানে যে পুলিশ সদস্য তাঁকে খাবার দিতেন, তিনি বাড়ি যাওয়ার জন্য তাঁকে ২০০ টাকা দেন। পাশেই দুজন ছেলে ডিশ লাইনের কাজ করছিলেন, তাঁদের বললে তাঁরা একটি ভ্যান ঠিক করে তাঁকে বাড়িতে পৌঁছে দেন।

বেবীর বোন সাবিনা জানান, ওই ছেলেরা আগে থেকেই বেবীকে বসে থাকতে দেখত, তবে কথা বলার সুযোগ হয়নি। সেদিন হাত ইশারায় ডাকতে দেখে তারা কাছে আসে এবং বাড়ির ঠিকানা শুনে তাঁকে পৌঁছে দেয়। তবে কোন পুলিশ সদস্য তাঁকে খাবার দিতেন, বেবী তাঁর নাম বলতে পারেননি, তবে দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন।