সিলেট-৪ আসনের তিনটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ১১টি সেতু নির্মাণ এবং ৪২৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

আজ বুধবার সন্ধ্যায় শ্রম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য জানান, আজ সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকটি বেলা সোয়া একটায় শেষ হয় এবং এর আগেই উল্লিখিত প্রকল্পগুলো অনুমোদন করা হয়।

আরিফুল হক চৌধুরী বিস্তারিত জানিয়ে বলেন, সড়কে সেতু নির্মাণ প্রকল্পের আওতায় গোয়াইনঘাটে ৮টি এবং কোম্পানীগঞ্জে ৩টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ৪২৩ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, অনুমোদিত এই প্রকল্পের বরাদ্দের মধ্যে গোয়াইনঘাটের জন্য ১৩৯ দশমিক ৫০ কোটি টাকা, কোম্পানীগঞ্জের জন্য ১৫০ দশমিক ৭৫ কোটি টাকা এবং জৈন্তাপুরের জন্য ১৩২ দশমিক ৮৫ কোটি টাকা রাখা হয়েছে।

সিলেটের অবকাঠামোগত উন্নয়নে এই বিশাল বরাদ্দ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আরিফুল হক চৌধুরী। তিনি আরও উল্লেখ করেন, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের অধীনে জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বর্তমানে আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শ্রমমন্ত্রী জানান, তাঁর সংসদীয় আসনের তিনটি উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ৪৯ দশমিক ৮২ কোটি টাকার সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে আরও ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন।

অন্যদিকে, আজ বিকেলে এক ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, একনেকে সিলেট বিভাগের সড়ক উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী সুরমা নদীর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন অংশে একটি নতুন সেতু নির্মাণের কথা জানান এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালু হওয়ার আগাম ঘোষণা দেন।