সংসদ সদস্যদের (এমপি) চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের (এলজিআরডি) অধীনে ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় মোট ২৫৬টি সেতু নির্মাণ করা হবে, যার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। উল্লেখ্য, সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত এলাকা নির্বাচনের ক্ষেত্রে সরকার দলীয় এমপিদের নির্বাচিত এলাকাগুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের সূত্র অনুযায়ী, আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য পেশ করা হবে। চলতি অর্থবছরের ৭ম একনেক সভা আগামী বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ওই সভায় প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরিকল্পনা কমিশন ইতিমিধ্যেই প্রকল্প প্রস্তাবটি যাচাই-বাছাই করে অনুমোদনের সুপারিশ করেছে।

একনেক নোটিশ থেকে জানা গেছে, আগামী সভায় মোট ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এই তালিকার শীর্ষস্থানে রয়েছে স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পটি। একনেকের অনুমোদন পেলে চলতি বছরেই এর কাজ শুরু হবে এবং ২০৩১ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রায় ৯ হাজার কোটি টাকার এই বিশাল প্রকল্পের আওতায় মোট ৪৯ হাজার ৫০ মিটার দীর্ঘ ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং জনপ্রতিনিধিদের চাহিদার ভিত্তিতে ১২৫টি উপজেলা নির্বাচন করা হয়েছে।

প্রকল্প প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনের আগে এই প্রকল্পের মাধ্যমে মাত্র ৬৩টি সেতু নির্মাণের কথা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ২৫৬টি করা হয়েছে। উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে ৯৮টি সেতুর ক্ষেত্রে এখনো কোনো সমীক্ষা চালানো হয়নি। অর্থাৎ সেতুগুলোর সঠিক অবস্থান, প্রয়োজনীয়তা, কারিগরি উপযোগিতা কিংবা সম্ভাব্য ব্যয় সম্পর্কে কোনো প্রয়োজনীয় সমীক্ষা ছাড়াই প্রায় ৯ হাজার কোটি টাকার এই প্রকল্প অনুমোদনের তোড়জোড় শুরু হয়েছে।

প্রকল্পের পটভূমি পর্যালোচনা করলে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রকল্পের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রাথমিক পর্যায়ে ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৩০টি জেলার ৪৮টি উপজেলায় মোট ৭৪টি দীর্ঘ সেতুর ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছিল।

সেই সমীক্ষার ওপর ভিত্তি করে ২০২৩ সালে ৩৮টি সেতু নিয়ে প্রায় তিন হাজার ৯৫২ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়। পরবর্তীতে প্রকল্পটি কয়েক দফা পুনর্গঠন করা হয়। ২০২৫ সালে ৬৩টি সেতু নিয়ে সংশোধিত ডিপিপি পাঠানো হলেও ২০২৬ সালে নির্বাচনের পর নতুন করে ২০০টিসহ মোট ২১১টি সেতু প্রস্তাবিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর ২০২৬ সালের ২ আগস্ট প্রকল্পের ওপর পুনরায় পিইসি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের দাবি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে স্কিমগুলো যাচাই-বাছাই করা হয় এবং চূড়ান্তভাবে ২৫৬টি দীর্ঘ সেতু প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ করে সরকার দলীয় এমপিদের জোরালো দাবির প্রেক্ষিতেই চূড়ান্ত প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) এই সেতুগুলো যুক্ত করা হয়েছে।

প্রকল্পের আওতায় থাকা ৪৮ জেলার ১২৫টি উপজেলার তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, এর মধ্যে অধিকাংশ উপজেলাই সরকারদলীয় এমপিদের নির্বাচিত সংসদীয় আসনের অন্তর্গত। তাদের চাহিদার ভিত্তিতেই প্রকল্পের আওতায় সেতুর সংখ্যা বাড়ানো হয়েছে। প্রকল্প প্রস্তাবনায় স্পষ্টভাবে বলা হয়েছে, জনপ্রতিনিধিদের চাহিদা এবং জরুরী ভিত্তিতে সেতুর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

ভৌগোলিক তালিকা অনুযায়ী, দেশের আটটি বিভাগের প্রতিটিতেই এই প্রকল্প বাস্তবায়ন হবে। রংপুর বিভাগের ৫টি জেলার ১০টি উপজেলায় সেতু নির্মিত হবে; যার মধ্যে ঠাকুরগাঁও জেলার সদর ও রাণীশংকৈল, নীলফামারী জেলার সদর ও ডিমলা, দিনাজপুর জেলার বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এবং পঞ্চগড় ও লালমনিরহাট জেলার সদর উপজেলা রয়েছে।

রাজশাহী বিভাগের ৬টি জেলার ১৭টি উপজেলা এই তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে বগুড়া জেলার সর্বাধিক ১০টি উপজেলা—শেরপুর, সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট, শিবগঞ্জ, মোকামতলা, সদর, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম অন্তর্ভুক্ত। এছাড়া নওগাঁ জেলার মান্দা ও আত্রাই, রাজশাহী জেলার বাঘা, জয়পুরহাট জেলার আক্কেলপুর ও পাঁচবিবি, নাটোর জেলার লালপুর এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় সেতু নির্মাণ করা হবে।

খুলনা বিভাগের ৪টি জেলার ৫টি উপজেলার মধ্যে খুলনা জেলার দিঘলিয়া, বাগেরহাট জেলার মোংলা, মাগুরা জেলার মহম্মদপুর ও সদর এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সেতু হবে।

বরিশাল বিভাগের ৫টি জেলার ১৫টি উপজেলার তালিকায় রয়েছে বরগুনা জেলার আমতলী, বরিশাল জেলার বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, আগৈলঝাড়া, গৌরনদী, হিজলা ও বাবুগঞ্জ, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, গলাচিপা ও বাউফল, পিরোজপুর জেলার নাজিরপুর, জিয়ানগর ও সদর এবং ভোলা জেলার মনপুরা ও লালমোহন উপজেলা।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের ৩টি জেলার ৮টি উপজেলার মধ্যে জামালপুর জেলার ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ, নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল ও গৌরীপুর উপজেলায় এই প্রকল্পের আওতায় সেতু নির্মিত হবে।

ঢাকা বিভাগের ১১টি জেলার ২৯টি উপজেলা এই প্রকল্পে যুক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলার সদর ও নগরকান্দা, টাঙ্গাইল জেলার সদর, সখিপুর, বাসাইল ও ধনবাড়ী, মানিকগঞ্জ জেলার ঘিওর ও সদর, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, নরসিংদী জেলার বেলাবো, মনোহরদী, পলাশ, রায়পুরা ও সদর, কিশোরগঞ্জ জেলার ভৈরব, কুলিয়ারচর ও পাকুন্দিয়া, ঢাকা জেলার কেরানীগঞ্জ, সাভার ও নবাবগঞ্জ, গাজীপুর জেলার কালিয়াকৈর ও কাপাসিয়া, মাদারীপুর জেলার কালকিনি ও সদর, শরীয়তপুর জেলার গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া ও সিরাজদিখান উপজেলা রয়েছে।

সিলেট বিভাগের ৪টি জেলার ১০টি উপজেলার মধ্যে সিলেট জেলার গোয়াইনঘাট, সদর, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, হবিগঞ্জ জেলার বানিয়াচং, মৌলভীবাজার জেলার রাজনগর এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, সদর ও তাহিরপুর উপজেলায় সেতু নির্মিত হবে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ১০টি জেলার ৩১টি উপজেলা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো হলো চাঁদপুর জেলার শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর, ফরিদগঞ্জ ও কচুয়া, ফেনী জেলার সোনাগাজী, কুমিল্লা জেলার মুরাদনগর, বুড়িচং, আদর্শ সদর, মনোহরগঞ্জ ও হোমনা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল, কক্সবাজার জেলার পেকুয়া, চকরিয়া ও টেকনাফ, চট্টগ্রাম জেলার হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া, লক্ষ্মীপুর জেলার সদর, রায়পুর, রামগতি ও কমলনগর, রাঙ্গামাটি জেলার সদর ও লংগদু, বান্দরবান জেলার আলীকদম ও থানচি এবং খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা।

এলজিইডি প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দেখা যায়, মোট ব্যয়ের সিংহভাগই মূলধন খাতে ব্যয় হবে। ৪৯ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২৫৬টি মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৮৮৫ কোটি ১ লাখ টাকা। পাশাপাশি নির্মিতব্য সেতুগুলোর সঙ্গে গ্রামীণ সড়কের সংযোগ স্থাপনের জন্য ৬৫.১৮৭ কিলোমিটার অ্যাপ্রোচ বা সংযোগ সড়ক তৈরি করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ৩২৫ কোটি ৯৩ লাখ টাকা। এছাড়া বিদ্যমান ৭ হাজার ৭০০ মিটার সেতুর নদীশাসন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৫৪ কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে।

রাজস্ব খাতের আওতায় কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদিতে ৯ কোটি ৭২ লাখ টাকা, সরবরাহ ও সেবা খাতে ১৬৯ কোটি ৬ লাখ টাকা এবং মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পরামর্শক খাতে ৬২ কোটি ৬৪ লাখ টাকা, ১০টি নন-স্প্যান সেতুর ডিজাইন রিভিউ ও ভেটিং ফিতে ১২ কোটি ৫০ লাখ টাকা এবং বিভিন্ন দৈর্ঘ্যের সেতুর সয়েল ইনভেস্টিগেশন, টপোগ্রাফিক্যাল, বেথিমেট্রিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষার জন্য বড় অঙ্কের অর্থ সংস্থান রয়েছে।

প্রকল্পের অবকাঠামো ও সংযোগ সড়ক নির্মাণের প্রয়োজনে সারাদেশে ৩০০ একর জমি অধিগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ৩৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে, যার আওতায় ৫৫টি কম্পিউটার ও আনুষঙ্গিক, ১১০টি মোটরসাইকেল ও মোটরযান, ২টি ফটোকপিয়ার এবং ২০টি থ্রি-হুইল স্ট্যাটিক রোড রোলার (মিনিমাম ১০ টন) কেনা হবে। এছাড়া সংযোগ সড়কের দুপাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য ২ কোটি ৬০ লাখ টাকা এবং ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতে যথাক্রমে ৪০ কোটি ও ৩০ কোটিসহ মোট ৭০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে।

প্রকল্পটির বিষয়ে এলজিইডি জানিয়েছে, “দেশে প্রতিবছর উৎপাদিত কৃষি ও অকৃষি পণ্য দ্রুত ও স্বল্প খরচে বড় হাট-বাজার বা শহরে পৌঁছাতে এই সেতুগুলো অপরিসীম ভূমিকা রাখবে। এছাড়া গ্রামীণ এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যাতায়াত সুগম হবে এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দ্রুত পৌঁছানো সম্ভব হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রকল্পটির সফল বাস্তবায়ন দেশের সার্বিক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”