আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা হয়েছে। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গতকাল রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালতে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের অফিস কর্মকর্তা মো. আকাশ বাদী হয়ে মামলাটির আবেদন করেন।
মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে ‘নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল’ অনলাইন মাধ্যমে প্রার্থী মনির হোসাইন কাসেমীর নির্বাচনী কার্যক্রমে টাকা বিতরণের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনায় দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেন।
আবেদনে বলা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে মনির কাসেমীর একটি ফেসবুক পেজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম-এর লোগো ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছবি ব্যবহার করে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়। ওই ভিডিওটি রাত ১১টার দিকে মুছে ফেলা হলেও মনির হোসাইন কাসেমীর নামে পরিচালিত আরেকটি ফেসবুক পেজে ভিডিওটি এখনো পোস্ট আকারে আছে।
বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, মনির হোসাইন কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছেন। এতে প্রতিষ্ঠানটির প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার বাদী মো. আকাশ বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মনির হোসাইন কাসেমী মুক্তকণ্ঠকে বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের ওপর এই মামলা করা হয়েছে। আইনগতভাবে বিষয়টির জবাব আদালতেই দেওয়া হবে।






