নিরাপদ এবং পরিবেশবান্ধব শক্তির উৎসের সন্ধানে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) একদল গবেষক। তাঁরা পানিভিত্তিক বা অ্যাকুয়াস ব্যাটারির শক্তি ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম এমন একটি নতুন ইলেক্ট্রোলাইট বা রাসায়নিক মাধ্যম আবিষ্কার করেছেন। প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির একটি টেকসই বিকল্প হিসেবে এই উদ্ভাবনটি বৃহৎ পরিসরে নবায়নযোগ্য শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ গবেষণাটি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।

বর্তমানে সৌরশক্তি ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলো সংরক্ষণে লিথিয়াম-আয়ন ব্যাটারি বহুল ব্যবহৃত হয়। তবে এই ব্যাটারিগুলোতে অগ্নিঝুঁকির প্রবল সম্ভাবনা থাকে এবং কোবাল্টের মতো দুষ্প্রাপ্য খনিজ আহরণের ফলে পরিবেশগত মারাত্মক সংকট তৈরি হয়। অন্যদিকে, পানিভিত্তিক ব্যাটারিগুলো অনেক বেশি নিরাপদ হলেও এর শক্তি ঘনত্বের পরিমাণ কম হওয়ায় বড় পরিসরে ব্যবহার করা সম্ভব ছিল না, যা এর প্রসারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

এই সীমাবদ্ধতা দূর করতে ইউসিএলের গবেষকেরা মূল উপাদান আয়োডিনের কার্যকারিতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। সাধারণত আয়োডিন চার্জিং ও ডিসচার্জিং প্রক্রিয়ার সময় দুটি ইলেকট্রন স্থানান্তর করতে পারে। তবে নতুন এই প্রযুক্তিতে গবেষকেরা অণুস্তরের নকশায় পরিবর্তন এনে একে চারটিতে উন্নীত করেছেন, যার ফলে ব্যাটারির শক্তি সঞ্চয়ের ক্ষমতা কার্যকরভাবে বৃদ্ধি পেয়েছে। পানীয় মাধ্যমে আয়োডিনের অতিসক্রিয় রূপ নিয়ন্ত্রণ করতে অতীতে ক্ষতিকর এবং ব্যয়বহুল হ্যালোজেনযুক্ত ইলেক্ট্রোলাইট ব্যবহার করা হতো। বর্তমান গবেষণায় গবেষকেরা কোনো ক্ষতিকর উপাদান ছাড়াই আণবিক কাঠামোর নিখুঁত বিন্যাসের মাধ্যমে এই জটিল সমস্যার সমাধান করেছেন।

ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে, জিংক-আয়োডিন ব্যাটারিতে এই বিশেষ প্রযুক্তি প্রয়োগ করার পর হাজার হাজার বার চার্জ ও ডিসচার্জ করার পরেও এটি প্রায় সম্পূর্ণ ধারণক্ষমতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। গবেষকদের দাবি, ল্যাপটপ বা মুঠোফোনের পাউচ সেল থেকে শুরু করে বিভিন্ন ডিভাইসের কয়েন সেলে এটি সফলভাবে কাজ করে এবং অদূর ভবিষ্যতে এটি অ্যালুমিনিয়াম-আয়োডিন ব্যাটারিতেও উপযোগী হতে পারে।

ইউসিএলের রসায়ন বিভাগের অধ্যাপক এবং এই গবেষণার মূল লেখক গুয়ানজি হে জানান, “পানিভিত্তিক ব্যাটারিকে বাণিজ্যিকীকরণের পথে এগিয়ে নিতে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” গবেষক দলের মতে, মৌলিক রসায়ন ও প্রকৌশলবিদ্যার সমন্বয়ে শক্তি সঞ্চয়ের দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।