যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি ‘অত্যন্ত গোপন’ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এই স্পর্শকাতর বিষয়টি সম্পর্কে অবগত ছয়জন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
নেটওয়ার্কটি পুনরায় সচল করার কাজ চলার কারণে গতকাল মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মীকে এনএসএ দপ্তরে প্রবেশ করতে নিষেধ করা হয়। তবে শুধুমাত্র জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।
এনএসএ কর্মীদের জন্য পাঠানো একটি অডিও বার্তা এবং বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন সূত্র থেকে এই তথ্য জানা গেছে। জানা গেছে, প্রথমে কর্মীদের স্বাভাবিক নিয়মে কাজে ফেরার অনুমতি দেওয়া হলেও এর কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে ফেলা হয়। কেন এমন আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, তা স্পষ্ট করে জানা যায়নি। এর আগে নেটওয়ার্কের সমস্যা সমাধানের চেষ্টা চলাকালীন কর্মীদের পর্যায়ক্রমে দপ্তরে আসার কথা বলা হয়েছিল।
অচল হয়ে পড়া এই নেটওয়ার্কটির নাম ‘এনএসএনেট’। এই ব্যবস্থার মাধ্যমেই প্রতিষ্ঠানটির কর্মীরা নিজেদের মধ্যে অত্যন্ত গোপনীয় তথ্য আদানপ্রদান করে থাকেন। তবে এখন পর্যন্ত এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
গতকাল বিকেলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এনএসএ জানিয়েছে, “নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িকভাবে তাদের কিছু ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল। অভ্যন্তরীণ কিছু ব্যবস্থা প্রভাবিত হলেও গুরুত্বপূর্ণ কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতা অক্ষুণ্ন আছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “পরিকল্পিত রক্ষণাবেক্ষণের সময় কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতিতে কার্যক্রম সচল রাখার জন্য এনএসএর অবকাঠামোয় একাধিক স্তরের বিকল্প ব্যবস্থা রয়েছে।”
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, নেটওয়ার্কটি সচল করার কাজ বর্তমানে চলমান রয়েছে, তবে তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি।
গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন জানান, গত মাসে সফটওয়্যারের বড় ধরনের কিছু দুর্বলতা ধরা পড়েছিল। সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য এনএসএ সফটওয়্যারে একটি প্যাচ (ত্রুটি সংশোধনের হালনাগাদ) প্রয়োগ করেছিল এবং এই কারণেই নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে।
ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল ক্লেটন বলেন, “সফটওয়্যারে প্যাচ প্রয়োগের পর দেখা যায়, প্রত্যাশা অনুযায়ী কিছু ব্যবস্থা আর চালু হচ্ছে না। এনএসএর ক্ষেত্রেও এটাই ঘটেছে।”
ক্লেটন যে দুর্বলতার কথা উল্লেখ করেছেন, সেটি পিএইচপি নামের একটি প্রোগ্রামিং ভাষার সঙ্গে সম্পর্কিত। উল্লেখ্য, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় এই ভাষা ব্যবহৃত হয়। গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুল ব্যবহার করে এসব দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি করেছেন। ফলে গত কয়েক সপ্তাহে বিশ্বজুড়ে সরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান এই দুর্বলতাগুলো ঠিক করতে তৎপর হয়ে উঠেছে। এনএসএ নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানকে সফটওয়্যারের ত্রুটি সংশোধনের হালনাগাদ সংস্করণ ব্যবহারের আহ্বান জানিয়েছে।
পিএইচপির এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে এবং ওয়েবসাইটের মেমোরিতে থাকা পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য পড়তে পারে।
জে ক্লেটন দাবি করেন, এনএসএর নেটওয়ার্কসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায় যে সমস্যা দেখা দিয়েছে, সেসবের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন প্রশাসনের একজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা জানিয়েছেন, এনএসএনেট-এ সমস্যা দেখা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠাতে কোনো প্রভাব পড়বে না। ট্রাম্প বর্তমানে এশিয়া সফরে রয়েছেন এবং প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করছেন। সূত্র দুটি আরও জানায়, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদে যোগাযোগ করার জন্য একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক বিদ্যমান রয়েছে।
ট্রাম্প ফিলিপাইন সফর শেষ করে বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
এনএসএর সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এনএসএনেট একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা এবং সেখানে বেশ কিছু বিকল্প ব্যবস্থাও রয়েছে। তাই পুরো নেটওয়ার্কটি সম্পূর্ণ অচল হয়ে পড়ার আশঙ্কা কম।
গতকাল সকালে এনএসএ কর্মীদের জন্য দেওয়া জরুরি অডিও বার্তায় পরিস্থিতিকে ‘কোড ইয়েলো’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। কর্মীদের কাজে যোগ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির তিন স্তরের সতর্কতাব্যবস্থা রয়েছে, যার মধ্যে ‘কোড ইয়েলো’ হলো দ্বিতীয় সর্বোচ্চ স্তর। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিডে এনএসএর সদর দপ্তরে কর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণে এই সংকেত ব্যবহৃত হয়। বার্তায় বলা হয়, জরুরি দায়িত্বে নেই এমন কর্মীদের পর্যায়ক্রমে দপ্তরে আসতে হবে, তবে জরুরি দায়িত্বে থাকা কর্মীদের যথারীতি কাজে যোগ দিতে বলা হয়। নিউইয়র্ক টাইমস প্রথম এই তথ্য প্রকাশ করে।
এরপর গতকাল সন্ধ্যায় আরেকটি অডিও বার্তায় ‘কোড গ্রিন’ ঘোষণা করা হয় এবং কর্মীদের নির্ধারিত সময় মেনে কাজে যোগ দিতে বলা হয়। তবে তখন নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়েছিল কি না, তা স্পষ্ট ছিল না। পরবর্তীতে গতকাল রাতে আবারও সংকেত পরিবর্তন করে ‘কোড অরেঞ্জ’ ঘোষণা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিকাংশ কর্মীর জন্য এনএসএ দপ্তর বন্ধ করে দেওয়া হয়।
এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাটির নেটওয়ার্কে এই সমস্যা দেখা দিল, যখন দেশটির বিভিন্ন উড়োজাহাজ সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ব্যবস্থায় একের পর এক বড় ধরনের ত্রুটি দেখা যাচ্ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল, যার ফলে হাজার হাজার ফ্লাইটের যাত্রা বিলম্বিত বা বাতিল হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটি থেকে এই সমস্যার সূত্রপাত হয়।
এছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছিল, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আউটলুক ই-মেইল ও টিমসের সভায় যুক্ত হতে পারেননি। গত কয়েক সপ্তাহে ব্যাংকসহ বিভিন্ন সেবায় প্রযুক্তিগত ত্রুটি দেখা গেছে। গত সোমবার চেজ ব্যাংকের হাজারো গ্রাহক অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার কথা জানান।
মার্কিন প্রশাসনের দাবি, এনএসএ, এফএএ বা মাইক্রোসফটের এসব প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রযুক্তিগত ত্রুটি কীভাবে আর্থিক বাজারে অস্থিরতা তৈরি করতে পারে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, এসব ঘটনা তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।