গত এক সপ্তাহের মধ্যে বিশ্বের বেশ কিছু প্রভাবশালী প্রতিষ্ঠানের সেবায় পরিলক্ষিত বিভ্রাট বা আউটেজ প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই তালিকায় যেসব প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, তার প্রতিটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকে দেওয়ার মতো।
ঘটনার সূত্রপাত হয় ১২ নভেম্বর, যখন মাইক্রোসফট ৩৬৫-এর সেবায় বিভ্রাট দেখা দেয়। এর ঠিক পরদিন অর্থাৎ ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর সেবায় বিঘ্ন ঘটে। ১৬ নভেম্বর পরিস্থিতি আরও জটিল হয় যখন যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় ব্যাংকের অনলাইন সেবায় সমস্যা দেখা দেয়। জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা এবং ওয়েলস ফার্গোর গ্রাহকেরা সেদিন লেনদেনে সমস্যার কথা জানান। একই দিনে ইউনাইটেড এয়ারলাইনসের সেবায়ও বিভ্রাট পরিলক্ষিত হয়।
১৭ নভেম্বর এই তালিকায় যুক্ত হয় আরও কয়েকটি নাম। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ), অ্যাপলের বিভিন্ন সেবা এবং ১৩ লাখ কোটি (১৩ ট্রিলিয়ন) ডলারের বেশি গ্রাহক সম্পদ ব্যবস্থাপনা করা আর্থিক প্রতিষ্ঠান চার্লস শোয়াব বিভ্রাটের মুখে পড়ে। তবে শোয়াবের ক্ষেত্রে সমস্যাটি ছিল স্বল্পমেয়াদী, মূলত তাদের ওয়েবসাইট লোড হতে সমস্যা হচ্ছিল। একই দিনে নরওয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইকুইনর জানায়, তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চলছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ইউরোপে প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান সরবরাহকারী।
তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেবল ইকুইনরই সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। বাকি প্রতিষ্ঠানগুলো দাবি করেছে যে, তাদের সেবার বিভ্রাট সাইবার হামলার কারণে হয়নি। তবে এত অল্প সময়ে এত বেশি বিভ্রাটের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিটি প্রতিষ্ঠান আলাদা কারণ জানালেও তাদের বিবৃতির পাশাপাশি রাখলে একটি মিল পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ছয়টি বড় বিভ্রাটের মধ্যে চারটিই ঘটেছে সিস্টেম আপডেট, রক্ষণাবেক্ষণ কিংবা নতুন যন্ত্র স্থাপনের সময়।
মাইক্রোসফট-বিভ্রাট
মাইক্রোসফটের সেবায় বিভ্রাট শুরু হয় বাংলাদেশ সময় ১২ নভেম্বর রাত ১১টা ৩২ মিনিটে। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ২৪ ঘণ্টার বেশি সময় আউটলুক, টিমস ও ওয়ার্ড ৩৬৫ অনলাইন ব্যবহার করা সম্ভব হয়নি। মাইক্রোসফট তখন জানায়, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির কাজ করার সময় একটি নতুন কারিগরি ত্রুটি দেখা দেয়। কিছু সার্ভার স্বয়ংক্রিয় পরীক্ষায় পাস না করায় সেগুলোর চাপ গিয়ে পড়ে সচল সার্ভারগুলোর ওপর, যার ফলে সেগুলোও একসময় সাড়া দেওয়া বন্ধ করে দেয়। ১৫ নভেম্বর গ্রাহকদের দেওয়া প্রাথমিক তদন্ত প্রতিবেদনে মাইক্রোসফট বলেছে, “মূল ত্রুটিটি ছিল জুলাইয়ে নেটওয়ার্ক গেটওয়ে সার্ভারের একটি আপডেটে।” এত দিন তা ধরা পড়েনি। এর সঙ্গে যুক্ত হয়েছিল টিমসের অতিরিক্ত চাপ এবং সার্ভারের সীমিত সক্ষমতা।
এক রাউটারের সমস্যায় যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ
১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত দেশটির কোনো বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়েনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এটিই ছিল দেশজুড়ে সবচেয়ে দীর্ঘ সময় ফ্লাইট বন্ধ থাকার ঘটনা।
এফএএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “আরকানসাসের এল ডোরাডোতে সংস্থাটির একটি রেডিও স্থাপনায় ঠিকাদার প্রতিষ্ঠান এল৩ হ্যারিস নতুন রাউটার বসাচ্ছিল।” এই সময়ে এফএএর টেলিযোগাযোগ নেটওয়ার্কে বিপুল পরিমাণ তথ্য প্রবেশ করতে থাকে, যার ফলে পুরোনো যন্ত্রপাতি অস্থিতিশীল হয়ে পড়ে। টেক্সাসের একটি রাডার স্থাপনাও এর সঙ্গে জড়িত ছিল। এই দুই জায়গার সংযোগ বিচ্ছিন্ন করার পর নেটওয়ার্ক স্বাভাবিক হয়। এই বিভ্রাটের কারণে সেদিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল হয়। যদিও এফএএ জানিয়েছে, সব ফ্লাইট বাতিলের সঙ্গে এই ঘটনার সরাসরি সংযোগ নেই। সংস্থাটি আরও জানিয়েছে, সাইবার হামলার কোনো ইঙ্গিত তারা পায়নি। এই ঘটনার পর ট্রাম্প প্রশাসন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করতে ৫ হাজার কোটি ডলার চেয়েছে।
ব্যাংক, এয়ারলাইনস ও অ্যাপল
জেপি মরগান চেজ জানিয়েছে, তাদের হার্ডওয়্যার ব্যবস্থায় সফটওয়্যার ত্রুটির (বাগ) কারণে লেনদেনে দেরি হয়েছে, যার সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই। ব্যাংকটির মুখপাত্রের ভাষ্যমতে, অন্য ব্যাংকের গ্রাহকেরা কেবল চেজের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সমস্যায় ভুগেছেন।
ইউনাইটেড এয়ারলাইনস তাদের সমস্যার সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে প্রতিষ্ঠানটি বলেছে, সাইবার নিরাপত্তাজনিত কোনো ঘটনার ইঙ্গিত নেই। যেদিন সমস্যা হয়েছিল, সেদিনই এর সমাধান করা হয়েছে।
অ্যাপলের বিভ্রাটে আইক্লাউড, অ্যাপ স্টোর ও অ্যাপল ওয়ালেটসহ কয়েকটি সেবায় প্রবেশ করতে পারেননি যুক্তরাষ্ট্র, ব্রাজিল, গ্রিস, লাটভিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে এই বিভ্রাট ঘটেছিল।
এনএসএ: প্যাচের পর চালু হয়নি
১৭ নভেম্বর এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্কে বিভ্রাট দেখা দেয় এবং সংস্থাটির কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এনএসএ জানিয়েছে, “নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িক এ সমস্যা হয়।” তবে গুরুত্বপূর্ণ কাজের সক্ষমতা পুরোপুরি সচল ছিল বলে দাবি করা হয়।
সেদিনই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে এর ব্যাখ্যা দেন। তিনি বলেন, ত্রুটি শনাক্ত হওয়ায় অনেক প্রতিষ্ঠান ‘প্যাচ’ দিচ্ছে, অর্থাৎ ত্রুটি সারানোর জন্য প্রয়োজনীয় আপডেট করছে। এ জন্য সিস্টেম বন্ধও রাখতে হচ্ছে। কিন্তু প্যাচ দেওয়ার পর কিছু সিস্টেম প্রত্যাশা অনুযায়ী আর চালু হচ্ছে না। এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে কাজ হস্তান্তরও হচ্ছে না ঠিকভাবে। এনএসএতেও এটা ঘটেছে বলে জানান তিনি। ক্লেটন বলেন, “এটিকে তাঁরা সমন্বিত সাইবার হামলা বা কোনো রাষ্ট্রের মদদে হামলার লক্ষণ বলে দেখছেন না।” কোনো ত্রুটি সারাতে এই প্যাচ ব্যবহার করা হয়েছে, তবে ক্লেটন তাঁর নাম উল্লেখ করেননি। তবে গত মাসেই এমন একটি বড় ত্রুটি নিয়ে সবাইকে সতর্ক করেছিল এনএসএ নিজেই, যা ছিল পিএইচপির ত্রুটি।
পিএইচপির ত্রুটিতে ধাক্কা লেগেছে বাংলাদেশেও
পিএইচপি একটি প্রোগ্রামিং ভাষা, যা মূলত ওয়েবসাইটের সার্ভারে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট এই ভাষার ওপর নির্ভরশীল। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ক্যালিফ ও উইজের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পিএইচপিতে একটি গুরুতর ত্রুটি খুঁজে পান, যা এক দশকের বেশি সময় ধরে কারও নজরে পড়েনি।
২১ অক্টোবর পিএইচপি ব্যবহারকারী সব প্রতিষ্ঠানকে এ জন্য সতর্কবার্তা দেয় এনএসএ। সংস্থাটি জানায়, দ্রুত ত্রুটি সারাতে না পারলে আক্রান্ত সিস্টেম বন্ধ রাখতে হবে, কারণ এই ত্রুটির মাধ্যমে হামলাকারীরা সরাসরি ডেটাবেসে পৌঁছাতে পারে। এরপর বিশ্বজুড়ে কয়েক শ ওয়েবসাইট বন্ধ রাখা হয়। এর প্রভাব বাংলাদেশেও পড়েছিল। ২২ অক্টোবর জরুরি সতর্কবার্তা দেয় সরকারের সাইবার নিরাপত্তা দল বিজিডি ই-গভ সার্ট। সেদিন বাংলাদেশ ব্যাংক নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখে। সতর্কতা হিসেবে অগ্রণী, জনতা, আইএফআইসিসহ আরও কয়েকটি ব্যাংকও তাদের ওয়েবসাইট বন্ধ করে রাখে। এমনকি ভূমি সেবার ই-নামজারির সাইটটিও বন্ধ হয়ে যায়, যা মাসে প্রায় তিন লাখ মানুষ ব্যবহার করেন।
সব কটির কারণ কি একই
এখনো কেউ নিশ্চিত করে বলেনি যে সব বিভ্রাটের কারণ এক। প্যাচ দেওয়ার সঙ্গে বিভ্রাটের সরাসরি সংযোগের কথা সরকারিভাবে বলা হয়েছে কেবল এনএসএর ক্ষেত্রে। মাইক্রোসফটের ভাষ্যমতে, তাদের ত্রুটিটি জুলাই মাসের, যা পিএইচপির ত্রুটি ধরা পড়ার অনেক আগের ঘটনা। এফএএর বিভ্রাট ঘটেছে যন্ত্র স্থাপনের সময় এবং জেপি মরগান চেজ বলছে সফটওয়্যারের ত্রুটির কথা। এফএএর ঘটনার তদন্ত এখনো চলছে এবং মাইক্রোসফটের প্রতিবেদনটি প্রাথমিক; পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়তো কিছুদিন পর পাওয়া যাবে।
ইকুইনরের ঘটনাটি সম্পূর্ণ আলাদা। প্রতিষ্ঠানটি নিজেই জানিয়েছে, তাদের কিছু তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় সাইবার হামলা চলছে। হামলা ঠেকাতে প্রয়োজনীয় লোকবল নিয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হচ্ছে। তবে তথ্য চুরির কোনো ইঙ্গিত মেলেনি এবং তেল-গ্যাস উৎপাদনেও এর কোনো প্রভাব পড়েনি। তবে হামলার পেছনে কারা দায়ী, তা তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
প্রতিষ্ঠানগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এমন হলেও ফেসবুক ও এক্স-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিভ্রাট নিয়ে মানুষের উদ্বেগ দেখা যাচ্ছে। এক্স-এর ডেভেলপার প্ল্যাটফর্মের সাবেক পণ্য ও রাজস্ব প্রধান ক্রিস পার্ক এক এক্স-পোস্টে জানিয়েছেন, “এগুলোকে এখন বেশ পরিকল্পিত ও সমন্বিত কাজ বলে মনে হচ্ছে। আমি এগুলোকে সাধারণ আপডেট বা কারিগরি ত্রুটি মনে করছি না।” ফক্স নিউজের এক এক্স পোস্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে মার্কিনিরা উদ্বিগ্ন। তবে তিনি জানিয়েছেন, ঘটনাগুলোর মধ্যে সংযোগের কোনো প্রমাণ নেই। নিউইয়র্ক টাইমসের সাইবার নিরাপত্তাবিষয়ক সাংবাদিক নিকোল পার্লরথ জানিয়েছেন, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে কি না, তা জানতে চেয়ে তাকে শত শত মেসেজ পাঠানো হচ্ছে। তবে তিনি লিখেছেন, “যতটা শুনছি, এগুলো অগোছালো আপডেটের ফলাফল ছাড়া আর কিছু নয়।”