চিকিৎসক-কর্মকর্তাদের বদলি এবং পদায়নের ক্ষেত্রে নতুন একগুচ্ছ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট গ্রেডের চিকিৎসকদের বদলি ও পদায়নের আবেদন এখন থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই গ্রহণ করা হবে। এর পাশাপাশি, ইতিপূর্বে জারি করা বদলি ও পদায়নের আদেশ অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে যেন তারা আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেন। স্পষ্ট করে বলা হয়েছে যে, এই নির্দেশনা জারির পর থেকে হাতে লেখা বা সরাসরি জমা দেওয়া কোনো আবেদন আর গ্রহণ করা হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়েছে, যৌক্তিক কোনো কারণ না থাকলে বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই তাদের অবমুক্ত করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানদের এই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক জটিলতা দেখা দিলে, যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করার সুযোগ থাকবে। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে ছুটি, প্রশিক্ষণ বা প্রেষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পদায়িত কর্মস্থলে যোগ দিতে হবে।