সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এইডিস মশাবাহিত রোগটিতে এ নিয়ে চলতি বছর মোট ৪৯৯ জনের প্রাণ গেল।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫২ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। তবে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, "সবশেষ মারা যাওয়া আটজন নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে।" তথ্যানুসারে, চলতি বছরের নভেম্বরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ৮০ জন। এর আগে অক্টোবরে মৃত্যু হয়েছে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর প্রাণহানি ঘটেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যাদের সংখ্যা ৮৭৩ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, খুলনায় ১৯৩ জন, বরিশালে ২০৯ জন, রাজশাহীতে ১৪০ জন, ময়মনসিংহে ৯১ জন, রংপুরে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।