স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি এবং পদায়নের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ষষ্ঠ গ্রেডের (তবে জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ব্যতীত) এবং নবম গ্রেডের সকল চিকিৎসক কর্মকর্তাকে এখন থেকে বদলি ও পদায়নের জন্য অনলাইনে আবেদন করতে হবে। কোনো অবস্থাতেই হাতে লেখা বা ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। একই সাথে, স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা বদলি ও পদায়ন আদেশের ফলে যেসব কর্মকর্তা ও কর্মচারীর কর্মস্থল পরিবর্তিত হয়েছে, তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সকল তথ্যের কথা উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে প্রশাসন শাখার সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদনগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে যেন আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এই নির্দেশনা কার্যকর হওয়ার পর থেকে সরাসরি জমা দেওয়া বা হাতে লেখা কোনো আবেদন আর গ্রহণযোগ্য হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যে, যৌক্তিক কারণ ছাড়া বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই তাঁদের অবমুক্ত করতে হবে। তবে নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে যদি কোনো প্রশাসনিক জটিলতা তৈরি হয়, তবে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে বিশেষ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। যারা অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের ছুটি, প্রশিক্ষণ বা প্রেষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর পূর্ববর্তী কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পদায়িত কর্মস্থলে যোগ দিতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, বদলি বা পদায়ন আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রথমে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের পূর্বেই কেবল আদেশে কোনো তথ্যগত ভুল বা প্রশাসনিক জটিলতা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করা যাবে।
এছাড়া, শিক্ষা প্রেষণ বা ছুটি শেষ করে ফিরে আসা ওএসডি চিকিৎসক কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে যোগদান করতে হবে এবং অনলাইনে পদায়নের আবেদন করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নসহ অন্যান্য প্রশাসনিক প্রয়োজনে আসার আগে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন অথবা ছুটির পত্র সাথে রাখা বাধ্যতামূলক। অনুমোদিত ছুটির পত্র ছাড়া অধিদপ্তরে আসাকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। এমনটি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, পদায়িত কোনো কর্মকর্তা যদি নতুন কর্মস্থলে যোগদান না করেন, তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরদিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে পরিচালক (প্রশাসন) বরাবর ই-মেইলে ( [email protected] ) বিষয়টি অবহিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সকল বদলি ও পদায়ন আদেশের ক্ষেত্রে এই নির্দেশনাগুলো কার্যকর হবে।