গতকাল শনিবার চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এছাড়া অনেক শিক্ষার্থীই তাদের প্রত্যাশিত ফলাফল পাননি। যেসব শিক্ষার্থী তাদের প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট নন, তারা আজ রোববার থেকে অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবেন। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ফি পরিশোধ করতে হবে।
গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া যেভাবে সম্পন্ন করবেন:
ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের নির্দিষ্ট অনলাইন পোর্টালে যেতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো https://rescrutiny.eduboardresults.gov.bd। পোর্টালে প্রবেশের পর আবেদনকারীকে তার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে আবেদনকারীকে একটি সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল যখন প্রকাশিত হবে, তখন ওই মোবাইল নম্বরেই এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। সেখান থেকে যে বিষয়গুলোর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে হবে, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
শিক্ষা বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ টাকা। যদি কোনো বিষয়ে দুটি পত্র থাকে, তবে উভয় পত্রের জন্যই আলাদাভাবে আবেদন করতে হবে। বিষয় নির্বাচন করার পর পরবর্তী স্ক্রিনে মোট প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে।
আবেদনের ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় এবং সোনালী সেবা ব্যবহার করা যাবে। পেমেন্ট সম্পন্ন করার বিস্তারিত নির্দেশনার জন্য আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশনটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফি পরিশোধ করার পর আবেদনকারীকে পুনরায় পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এই ধাপটি সম্পন্ন করার মাধ্যমেই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত হবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পরেও যদি কোনো শিক্ষার্থী নতুন কোনো বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করতে চান, তবে তা সম্ভব। সেক্ষেত্রে পুনরায় একই পদ্ধতিতে বিষয় নির্বাচন করে ফি পরিশোধ করতে হবে, তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি পরিশোধ করার আগে আবেদন সংশোধন বা পরিবর্তনের সুযোগ রয়েছে। এর জন্য ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে যেসব বিষয় নির্বাচন করা হয়েছে কিন্তু যাদের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে মনে রাখতে হবে, একবার কোনো বিষয়ের আবেদন ফি জমা দেওয়া হয়ে গেলে সেই আবেদন আর বাতিল করা যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই পরিশোধিত আবেদন ফি ফেরত দেওয়া হবে না।
আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তাই সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।