আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে। তবে ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হলেও এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ সফরে থাকায় তাঁকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে অবগত করা সম্ভব হয়নি। বর্তমানে ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মৌখিক অনুমোদন নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে জানান, “প্রধানমন্ত্রী বিদেশে থাকায় ফলাফল প্রকাশের ব্যাপারে এখনও ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। তবে আমরা যথাসময়ে ফল প্রকাশে প্রস্তুত রয়েছি।”
এর আগে গত শনিবার রাতে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। এই তারিখ জানিয়ে শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ অক্টোবর (আজ) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশের পদ্ধতিসহ বিভিন্ন বিস্তারিত বিষয় জানানো হবে।
তবে প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্লিয়ারেন্স না পাওয়ায় আজ ফল প্রকাশ সংক্রান্ত সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে শিক্ষা বোর্ড। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান মুক্তকণ্ঠকে আরও বলেন, “প্রধানমন্ত্রী অনুমোদন করলে ফল প্রকাশের ব্যাপারে শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি করা হবে।”
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।