চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে। শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, “আজ রাতেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯ অক্টোবরে এ ফল প্রকাশিত হবে। এর আগে আগামী ২৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে ফল প্রকাশের পদ্ধতিসহ নানান বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

প্রাপ্ত তথ্যানুসারে, বিভিন্ন শিক্ষাবোর্ড এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবনার ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখটি নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।