এসএসসি ও এইচএসসি সহ সমমানের পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক বছর অপেক্ষা করার দীর্ঘ সময় কমিয়ে দ্রুততম সময়ের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিচ্ছে সরকার। এই উদ্যোগের আওতায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের আগামী দুই মাসের মধ্যেই পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মুক্তকণ্ঠকে এই বিশেষ তথ্যের কথা জানান।

তিনি জানান, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা বোর্ডগুলো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। ফলাফল প্রকাশের পর থেকে পরবর্তী দুই মাসের মধ্যে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করা হবে।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আরও উল্লেখ করেন, “এ নিয়ে আমরা শিক্ষাবোর্ডে বৈঠক করেছি। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি।”

সৈয়দ আক্তারুজ্জামান আরও বলেন, “এইচএসসির ফল প্রকাশের ফের করা ছাত্র-ছাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা নিতে প্রস্তুতি রয়েছে আমাদের।”

এর আগে গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, এসএসসি ও এইচএসসিতে অকৃতকার্য পরীক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।