চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে পারে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মুক্তকণ্ঠকে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, “চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।”

উল্লেখ্য যে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়েছিল। নিয়ম অনুযায়ী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বেশ কিছু লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার ফলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।