যুক্তরাজ্যের প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক চার্লস সোয়ানটন দীর্ঘ সময় ধরে এই মরণব্যাধি নিয়ে কাজ করছেন। তাঁর চিকিৎসকজীবনের দীর্ঘ অভিজ্ঞতা এবং সাম্প্রতিক গবেষণালব্ধ তথ্যের আলোকে তিনি লক্ষ্য করেছেন যে, বর্তমানে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে নির্দিষ্ট কিছু ধরনের ক্যানসার আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। কেন তরুণ প্রজন্মের মধ্যে এই ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং কীভাবে তা প্রতিরোধ করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন এই বিশেষজ্ঞ।
অধ্যাপক চার্লস সোয়ানটনের স্মৃতিচারণ অনুযায়ী, ২০০৪ সালে যুক্তরাজ্যের রয়্যাল মার্সডেন হাসপাতালে কর্মরত থাকাকালীন তিনি একটি বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন। তিনি জানতে চেয়েছিলেন, গত পাঁচ বছরে ৫০ বছরের কম বয়সী কতজন রোগীর অন্ত্রের ক্যানসার শনাক্ত হয়েছে। তৎকালীন হাসপাতালের নথিপত্র যাচাই করে তিনি দেখেন, এমন রোগীর সংখ্যা ছিল ৫০ জনেরও কম। সেই সময়ে তথ্য সংগ্রহ করতে তাঁর যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন রোগীদের ক্যানসারের জিনগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনার সময় প্রায় প্রতি সপ্তাহেই অন্তত একজন, কখনো দুই-তিনজন অন্ত্রের ক্যানসারে আক্রান্ত রোগীর কথা উঠে আসে, যাদের বয়স ৫০ বছরের কম। মাত্র এক দশক আগেও এই ঘটনা ছিল অত্যন্ত বিরল।
অধ্যাপক চার্লস বলেন, “নিজের অভিজ্ঞতা ও গবেষণা থেকে পাওয়া তথ্যমতে, যুক্তরাজ্যে কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসার শনাক্ত হওয়ার হার বেড়েছে। ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে ২০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে প্রোস্টেট, অন্ত্র, কিডনি, জরায়ু, স্তন, অগ্ন্যাশয় ও যকৃতের ক্যানসার শনাক্তের হার বেড়েছে। ২০০১ সালের তুলনায় এই বয়সীদের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার হার প্রায় চার গুণ হয়েছে। অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসারের ক্ষেত্রেও হার বেড়েছে দ্বিগুণের বেশি।”
তবে এই পরিসংখ্যান দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ তরুণদের মধ্যে হার বাড়লেও তা বয়স্কদের তুলনায় এখনো অনেক কম। উদাহরণস্বরূপ, ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রতি এক লাখে অন্ত্রের ক্যানসারে আক্রান্তের সংখ্যা চারজন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বিপরীতে, বয়স্ক ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসারের হার প্রতি ১ লাখে ৩০০ জন পর্যন্ত হতে পারে।
বিশেষজ্ঞের মতে, উন্নত পরীক্ষা-নিরীক্ষার কারণে এখন অনেক ক্ষেত্রে ক্যানসার দ্রুত শনাক্ত হচ্ছে। যেমন, প্রোস্টেট ক্যানসারের জন্য পুরুষদের মধ্যে পিএসএ পরীক্ষার সচেতনতা বাড়ায় শনাক্তকরণের হার বৃদ্ধি পেয়েছে। এছাড়া নারীদের ক্ষেত্রে সন্তান গ্রহণের বয়স ও সংখ্যার পরিবর্তন স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে জড়িত। দেরিতে সন্তান নেওয়া বা সন্তান না নেওয়া এবং কম বয়সে ঋতুস্রাব শুরু হওয়া এই ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি স্থূলতা অন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়, কিডনি ও জরায়ুর ক্যানসারের ঝুঁকি বাড়ায়, যদিও শরীরের অতিরিক্ত ওজন ঠিক কীভাবে এই ঝুঁকি তৈরি করে তা নিয়ে গবেষণা এখনও চলমান।
ক্যানসার সৃষ্টির মূলে রয়েছে কোষের ডিএনএ-তে পরিবর্তন বা মিউটেশন। সুস্থ মানুষের শরীরেও এমন অনেক কোষ থাকে যেগুলোর ডিএনএ-তে ক্যানসার-সংশ্লিষ্ট পরিবর্তন বিদ্যমান, তবে সব কোষ ক্যানসারে রূপ নেয় না। এই রহস্য উদঘাটনে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশনের বিষয়টি সামনে এসেছে। প্রদাহ শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হলেও দীর্ঘমেয়াদী প্রদাহ সুস্থ কোষের ক্ষতি করে এবং জিনগত পরিবর্তন থাকা কোষগুলোকে ক্যানসারে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ দেয়। বায়ুদূষণ, ধূমপান, স্থূলতা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন এই দীর্ঘস্থায়ী প্রদাহের সঙ্গে সরাসরি যুক্ত।
শৈশবে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার সংস্পর্শ ক্যানসারের ঝুঁকি বাড়ায় কি না, তা নিয়ে গবেষণা চলছে। বিশেষ করে ই-কোলাই ব্যাকটেরিয়ার একটি প্রজাতি কোলিব্যাকটিন নামক বিষাক্ত উপাদান তৈরি করে, যা ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। ২০২৫ সালে নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় প্রায় এক হাজার অন্ত্রের ক্যানসার রোগীর জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৪০ বছরের কম বয়সীদের মধ্যে কোলিব্যাকটিনের কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন ৭০ বছরের বেশি বয়সীদের তুলনায় প্রায় তিন গুণ বেশি। তবে কেন তরুণদের মধ্যে এই প্রভাব বেশি, তা এখনও স্পষ্ট নয়। গবেষকেরা খাদ্যাভ্যাস, পরিবেশ এবং অন্ত্রের সুরক্ষাব্যবস্থার পরিবর্তন খতিয়ে দেখছেন।
তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির পেছনে প্রক্রিয়াজাত খাবারের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। ২০২৫ সালে প্রায় ২৯ হাজার নারীর ওপর করা এক গবেষণায় দেখা গেছে, যারা সবচেয়ে বেশি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খেয়েছেন, তাদের অন্ত্রে অ্যাডেনোমা তৈরির ঝুঁকি অন্যদের তুলনায় ৪৫ শতাংশ বেশি। অ্যাডেনোমা হলো অন্ত্রের এক ধরনের অস্বাভাবিক বৃদ্ধি, যা পরবর্তীতে ক্যানসারে রূপ নিতে পারে। তবে এই খাবারগুলোই সরাসরি ক্যানসারের কারণ কি না, তার চূড়ান্ত প্রমাণ এখনও মেলেনি।
চিকিৎসার পাশাপাশি প্রতিরোধের উপায় খুঁজছেন বিজ্ঞানীরা। অধ্যাপক চার্লস যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে মিলে ফুসফুসের ক্যানসার প্রতিরোধে ‘লাংভ্যাক্স’ নামক একটি টিকা তৈরির উদ্যোগ নিয়েছেন। এর লক্ষ্য হলো ক্যানসার হওয়ার আগেই শরীরের রোগপ্রতিরোধব্যবস্থাকে প্রস্তুত করা। এছাড়া প্রদাহ তৈরির নির্দিষ্ট প্রক্রিয়া বন্ধ করে ক্যানসার ও হৃদ্রোগের ঝুঁকি কমানোর গবেষণাও চলছে।
ক্যানসারের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞের দেওয়া পরামর্শসমূহ:
১. ধূমপান ছাড়ুন: এটি ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গের ক্যানসারের ঝুঁকি কমায়।
২. মদ্যপান এড়িয়ে চলুন: মদ্যপানের সঙ্গে অন্ত্র, স্তন ও যকৃতের ক্যানসারের সম্পর্ক রয়েছে।
৩. স্বাস্থ্যকর খাবার খান: সুষম খাবার, ফলমূল ও শাকসবজি গ্রহণ করুন, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।
৪. নিয়মিত ব্যায়াম করুন: হাঁটা, সাইকেল চালানো বা সাঁতারের মতো শারীরিক কার্যকলাপে যুক্ত থাকুন।
৫. শরীরের পরিবর্তন অবহেলা করবেন না: বয়স কম হলেও দীর্ঘস্থায়ী অস্বাভাবিক উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ