ফরিদপুর শহরের অলিগলি থেকে শুরু করে জেলার বিভিন্ন উপজেলার হাটবাজারের প্রায় প্রতিটি ফলের দোকানেই এখন প্রচুর পরিমাণে পাকা পেঁপে পাওয়া যাচ্ছে। তবে অবাক করার বিষয় হলো, জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরেও পর্যাপ্ত পাকা পেঁপে মিলছে না বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামাঞ্চলে পেঁপের সংকট থাকলেও বাজারে হঠাৎ করে বিপুল পরিমাণ পাকা পেঁপের এই উপস্থিতি ক্রেতাদের মনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে। এই পেঁপেগুলো আসলে কোথা থেকে আসছে, কোন পদ্ধতিতে পাকানো হচ্ছে এবং তা মানবস্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফরিদপুর শহরের বিভিন্ন ফলের দোকান এবং হাজী শরীয়তুল্লাহ বাজার সরেজমিনে পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে। অনুসন্ধানে জানা গেছে, বাজারে আসা এসব পেঁপের একটি বড় অংশ টাঙ্গাইলের মধুপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হচ্ছে। তবে পেঁপে পাকানোর পদ্ধতি সম্পর্কে যে তথ্য সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
স্থানীয় আড়তদারদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা বিভিন্ন এলাকা থেকে কাঁচা পেঁপে সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে সেই পেঁপের দাম রাখা হয়েছে ৭০ থেকে ৮০ টাকা বা তারও বেশি।
ব্যবসায়ীদের দাবি, কয়েক বছর আগেও অনেক ক্ষেত্রে পেঁপে পিস হিসেবে বিক্রি করা হতো। তবে বর্তমানে কেজি দরে বিক্রির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পেঁপের সরবরাহ, বাজারমূল্য এবং পাকানোর প্রক্রিয়া নিয়ে ক্রেতাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি সন্দেহও বাড়ছে।
ক্যামেরার সামনে পেঁপে সংগ্রহ ও পাকানোর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কথা বলেন হাজী শরীয়তুল্লাহ বাজারের মেসার্স রনি ট্রেডার্সের মালিক অধীর কুমার।
তিনি জানান, প্রথমে স্থানীয় গ্রামাঞ্চল এবং বিভিন্ন সময়ে টাঙ্গাইলের মধুপুরসহ দেশের অন্যান্য এলাকা থেকে কাঁচা পেঁপে সংগ্রহ করেন তারা। এরপর প্রতিটি পেঁপে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে এক জায়গায় স্তূপ করে রাখা হয়। পরে সেই স্তূপের মধ্যে ধূপ জ্বালিয়ে ধোঁয়া তৈরি করা হয়। তার দাবি, ধূপের ধোঁয়ায় মাত্র এক দিনের মধ্যেই পেঁপে পেকে যায় এবং এর রং পরিবর্তন হয়।
নিজেদেরও এসব পেঁপে খাওয়ার কথা উল্লেখ করে অধীর কুমার বলেন, “আমরা এই পেঁপে নিজেরাও খাই। আমাদের তো কখনও কোনো সমস্যা হয়নি।”
অন্যদিকে, হাজী শরীয়তুল্লাহ বাজারের যোগাযোগ ফল ভান্ডারের ব্যবসায়ী জাফর শেখ জানান, “আমরা এই পেঁপে বেশির ভাগ রাজশাহী থেকে পাকা অবস্থায় সংগ্রহ করছি, এরপর এনে বিক্রি করছি।”
তবে এই প্রক্রিয়ায় কী ধরনের ধূপ ব্যবহার করা হয়, ধোঁয়ার রাসায়নিক উপাদান কী এবং এর ফলে পেঁপের খাদ্যনিরাপত্তা কতটা বজায় থাকে, সে বিষয়ে কোনো পরীক্ষা করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাজারে পেঁপে কিনতে আসা বিষ্ণুপদ সাহা বলেন, “আমরা জেনেশুনেই বিষ কিনে খাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নিলে এ ধরনের ব্যবসা বন্ধ হবে না। জেনেবুঝেই ফরমালিনযুক্ত পেঁপে কিনে সন্তানদের খাওয়াচ্ছি। কিন্তু আমাদের করারই বা কী আছে, এগুলো প্রতিহত করবে কে।”
বিশেষজ্ঞদের মতে, ফল পাকানোর ক্ষেত্রে অনুমোদিত পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। মাত্রাতিরিক্ত বা অননুমোদিত রাসায়নিক ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
গ্রামাঞ্চলে পর্যাপ্ত পাকা পেঁপে না পাওয়া গেলেও শহরের বাজারে বিপুল সরবরাহ, মাত্র এক দিনে পাকানোর দাবি এবং পাইকারি ও খুচরা দামের বিশাল ব্যবধান—সব মিলিয়ে পেঁপের উৎস ও পাকানোর উপাদান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।
এই বিষয়ে ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সাধারণত খবরের কাগজ দিয়ে পেঁপে মুড়িয়ে রাখলে দুই-এক দিনের মধ্যে তা পেকে যায়। তবে ব্যবসায়ীরা ধূপ বা স্প্রে ব্যবহার করে পেঁপে পাকাচ্ছেন কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে। এ বিষয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়েছে। দ্রুতই আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ফলমূল পাকাতে ক্ষতিকর ধূপ বা রাসায়নিক ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।