সাধারণত প্রচলিত ধারণা হলো, যারা দীর্ঘকাল ধরে ধূমপান করেন সেই পুরুষদেরই ফুসফুসের ক্যানসার হয়। তবে চিকিৎসা বিজ্ঞানের বাস্তব চিত্র ভিন্ন; নারীরাও এই মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। এমনকি জীবনভর যিনি কখনো ধূমপানের সংস্পর্শে আসেননি, তাঁর ক্ষেত্রেও এই রোগের ঝুঁকি থেকে যায়।
নিঃসন্দেহে ধূমপান ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রধান ঝুঁকি হিসেবে বিবেচিত। তবে এটিই একমাত্র কারণ নয়। পরিবারের সদস্য বা স্বামীর ধূমপানের ধোঁয়া নিয়মিত শ্বাসের সঙ্গে গ্রহণ করার ফলে যে ঝুঁকি তৈরি হয়, তাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় পরোক্ষ ধূমপান।
বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের ক্ষেত্রে ঘরের অভ্যন্তরীণ বায়ুদূষণ একটি বড় কারণ হতে পারে। বিশেষ করে বদ্ধ রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে কাঠ, কয়লা কিংবা অন্যান্য জৈব জ্বালানি দিয়ে রান্নার সময় যে ধোঁয়া উৎপন্ন হয়, তার দীর্ঘমেয়াদি সংস্পর্শ ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে।
এছাড়া বাইরের পরিবেশের বায়ুদূষণ, কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসা, পারিবারিক বংশগত ইতিহাস এবং জিনগত পরিবর্তনও এই রোগের পেছনে ভূমিকা রাখে বলে মনে করা হয়।
বিভিন্ন গবেষণায় এটি পরিলক্ষিত হয়েছে যে, যারা ধূমপান করেন না এমন ফুসফুসের ক্যানসার রোগীদের মধ্যে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য। বিশেষ করে এশীয় নারীদের একটি নির্দিষ্ট অংশের ফুসফুসের ক্যানসারে ইজিএফআর নামের জিনে পরিবর্তন লক্ষ্য করা যায়।
ফুসফুসের ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না। অনেক ক্ষেত্রে সাধারণ কাশি, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণ বলে ভুল হতে পারে। তবে দুই থেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি স্থায়ী হলে, কাশির সঙ্গে রক্ত গেলে, শ্বাসকষ্ট হলে, বুকে ব্যথা অনুভব করলে, অকারণে ওজন কমে গেলে কিংবা বারবার ফুসফুসে সংক্রমণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
একটা সময় মনে করা হতো ফুসফুসের ক্যানসার মানেই নিশ্চিত মৃত্যু। তবে আধুনিক চিকিৎসা পদ্ধতি এই ধারণাকে বদলে দিয়েছে।
রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অস্ত্রোপচারের মাধ্যমে অথবা নির্দিষ্ট ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপির মাধ্যমে নিরাময়ের সম্ভাবনা থাকে। রোগের ধরন ও পর্যায় বিবেচনা করে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি এবং লক্ষ্যভিত্তিক ওষুধ বা টার্গেটেড থেরাপি প্রয়োগ করা হয়। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে মলিকুলার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইজিএফআর, এএলকে, আরওএসআইয়ের মতো নির্দিষ্ট জিনগত পরিবর্তন শনাক্ত করা গেলে লক্ষ্যভিত্তিক ওষুধ দেওয়া সম্ভব হয়।
নারীদের ফুসফুসের ক্যানসার প্রতিরোধ করতে হলে ঘর ও কর্মক্ষেত্রকে সম্পূর্ণ ধূমপানমুক্ত রাখা, রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা এবং বায়ুদূষণের সংস্পর্শ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি।
— লেখক: সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা