কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক শামীম আলী সোহাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘শেখ হাসিনা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মাধ্যমে জানা গেছে যে, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বর সংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মী ও কয়েকজন শিক্ষার্থী। তাকে শনাক্ত করার পর তারা তাকে ঘিরে ফেলেন। এই পরিস্থিতির এক পর্যায়ে তাকে মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন জানান, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে ছিল। আদালতের পাশে সোহাগকে দেখতে পেয়ে তারা তাকে আটক করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি ভিন্ন। তাদের দাবি, ককটেলসহ হাতেনাতে সোহাগকে আটক করা হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আটকের সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন ও শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আটকের পর আহত অবস্থায় সোহাগকে প্রাথমিক চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে সূত্রাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।