জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককেও হেনস্তা করা হয়। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে এই ঘটনা ঘটান তাঁরা।

মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে ধরে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে। তাঁদের পুলিশে হস্তান্তরের দাবি জানান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। আজ বিকেল সাড়ে পাঁচটায় এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছিল। তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি জরুরি বৈঠক চলছিল।

আক্রান্ত পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। এছাড়া হেনস্তার শিকার হয়েছেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের দাবি, দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়। এই ধরনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করেছেন তাঁরা এবং সেই তালিকা অনুযায়ী তাঁদের খুঁজে বের করা হচ্ছে।

বিভিন্ন দপ্তর ও বিভাগে যাওয়ার সময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের কণ্ঠে শোনা যায় বিভিন্ন স্লোগান। তাঁদের স্লোগান ছিল, ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেনকে মারধর করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরবর্তীতে তাঁকে নিজ কার্যালয় থেকে ধরে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এই সময় তাঁর মুঠোফোন কেড়ে নেন নেতা-কর্মীরা।

জুনায়েদ হোসেনকে প্রক্টরের কার্যালয়ে রেখে ছাত্রদলের নেতা-কর্মীরা বিজ্ঞান অনুষদের দিকে যান এবং সেখানে কয়েকজন কর্মকর্তাকে খুঁজতে থাকেন। তাঁদের খুঁজে না পেয়ে ফিরে আসার পর তাঁদের সঙ্গে যোগ দেন এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। এরপর দুটি সংগঠনের নেতা-কর্মীরা মিলে ক্যাম্পাসে একটি তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে।’

ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘এখানে যে কর্মকর্তা বা যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো অ্যাকটিভিজম চালায়, তাদের সঙ্গে কোনো ধরনের আপস নেই।’

বিক্ষোভ সমাবেশ শেষ করে পুনরায় বিভিন্ন দপ্তর ও বিভাগে যেতে দেখা যায় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের। দ্বিতীয় দফায় শুরুতেই তাঁরা রেজিস্ট্রার দপ্তরে গিয়ে উপপরিচালক সঞ্জয় কুমার পালকে মারধর করেন এবং তাঁর পরনের শার্ট ছিঁড়ে ফেলেন। এরপর তাঁকেও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে গিয়ে বাংলা বিভাগের চেয়ারম্যানকে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। ওই বিভাগের একটি কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেলে তা বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

পরবর্তীতে নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে যান এবং সেখানে উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে মারধর করেন। টেনেহিঁচড়ে তাঁর পরনের শার্টও ছিঁড়ে ফেলা হয় এবং তাঁকে প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়।

বেলা আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ভাষাশহীদ রফিক ভবনে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। সেখানে সেকশন অফিসার নুরুল হুদাকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। একইভাবে মারধর করে ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমানকেও প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান তাঁরা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ মুক্তকণ্ঠকে বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। আমরা সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকা হয়েছে।’