জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম তাঁর দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে।
গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। সেখানে উপস্থিত ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা অধ্যাপক সেলিমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে তাঁকে হেনস্তা করেন। সেই সময় বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেলে, সেটি বাইরে নিয়ে এসে পুড়িয়ে দেন ওই নেতা-কর্মীরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অধ্যাপক মোজাহারুল আলম সেলিম বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। জানা গেছে, তিনি ইতিমধ্যে রেজিস্ট্রার দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য যে, একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ কর্মকর্তাকে মারধর করে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। পরবর্তীতে তাঁদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
নিজের বর্তমান পরিস্থিতি ও পদত্যাগের বিষয়ে অধ্যাপক মোজাহারুল আলম সেলিম মুক্তকণ্ঠকে বলেন, ‘১৬ নভেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা ও চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার পক্ষে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। গতকাল ১৭ নভেম্বর বিভাগের চেয়ারম্যানের পদ থেকে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’