কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবন ও ব্যক্তিগত কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ করা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিকভাবে আলোচিত এই নেতার বাড়ি ও কার্যালয়ে তৃতীয়বারের মতো ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটল।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে অবস্থিত সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলার ব্যক্তিগত কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ চলাকালীন একপর্যায়ে কার্যালয়ের সামনে আগুন জ্বালানো হয়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক মিছিল করে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে উপস্থিত হন। সেখানেও তারা গোপালগঞ্জে থানায় হামলা ও এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে স্লোগান দেন। এরপর বাড়ির নিচতলায় অবস্থিত বাহারের ব্যক্তিগত কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কার্যালয়ের সামনে কাগজ ও কাঠে পেট্রোল ঢেলে পুনরায় আগুন দেওয়া হয়। এই পুরো সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ঘটনার বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন বলেন, “গোপালগঞ্জে থানায় হামলা এবং আমাদের দলের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছি।”

রামঘাট এলাকায় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “ক্ষুব্ধ নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে সেখানে গিয়েছিলেন। দীর্ঘদিনের ক্ষোভ থেকে কিছু উত্তেজিত কর্মী সেখানে টায়ার বা কাগজে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন, তবে বড় কোনো ক্ষয়ক্ষতির উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।”

এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে নগরীর রামঘাট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিনে সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি মালামাল লুটের ঘটনা ঘটে। এরপর থেকে নৈশপ্রহরী ছাড়া পরিবারের আর কেউ সেখানে অবস্থান করছিলেন না।

পরবর্তীতে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে আবারও সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সে সময় বিক্ষুব্ধ লোকজন বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে কয়েকটি কক্ষ ও ভবনের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুরের চেষ্টা করা হয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনের ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।

জানা গেছে, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।