কুমিল্লা নগরে ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে এক ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী। গতকাল শুক্রবার দুপুরে নগরের চকবাজার সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। ঘটনার পরপরই মিছিলে নেতৃত্ব দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী কাইয়ুমসহ মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “বেলা ১টা ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী নুরপুর তেলিকোনা সড়কে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করেন। মিছিলের পরপরই দ্রুত সরে যান। পরে ভিডিও পর্যালোচনা করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটক কাইয়ুম নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার একজন কর্মী এবং মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। কাইয়ুমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর পূর্বপাড়ায়। কাইয়ুমের পাশাপাশি মিছিলে অংশ নেওয়া আজিজুর রহমান, হাসিব, জামিল ইসলামসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঝটিকা মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, মিছিলকারীদের হাতে লাঠি এবং মুখে মাস্ক রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে।

সরেজমিন প্রত্যক্ষদর্শী স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার দুপুরে নুরপুর তেলিকোনা সড়কে প্রথমে কয়েকজন যুবককে স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতে দেখা যায়। এরপর হঠাৎ তারা একটি ব্যানার প্রদর্শন করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এলাকাটি ত্যাগ করেন।

পুলিশ কর্মকর্তা মো. লুৎফর রহমান মুক্তকণ্ঠকে আরও জানান, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিনের মেয়ে তাহসিন বাহারের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাইয়ুমের নিয়মিত যোগাযোগ ছিল। পুলিশের ধারণা, তাহসিন বাহারের নির্দেশে কুমিল্লার সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই ঝটিকা মিছিলটি করা হয়েছে। কাইয়ুমকে আটকের পর তাঁর মুঠোফোনে এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন পাওয়া গেছে, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।