লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। ভিডিও ফুটেজে কয়েকজন ব্যক্তিকে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিসহ শেখ হাসিনার পক্ষেও স্লোগান শোনা যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী দুপুরে স্লোগান দিয়ে মিছিল করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা সরে পড়ায় কাউকে পাওয়া যায়নি।"

ওসি আরও জানান, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।