লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত তিন দিন ধরে দুই কিশোর নিখোঁজ। ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত চলছে এবং মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত আজিম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ। উভয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এবং পরস্পরের বন্ধু। গত রোববার সকালে তারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষেও তারা ঘরে ফেরেনি। এরপর থেকে তাদের কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেছেন, তবে ব্যর্থ হয়েছেন। বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের পরিবারের লোকজন। নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন গত সোমবার রাতে রায়পুর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁদের সন্ধানে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। মুঠোফোন ট্র্যাকিং করে গতকাল সন্ধ্যায় তাঁদের চট্টগ্রামের আশপাশে অবস্থানের তথ্য পাওয়া গিয়েছিল। এর আগে তাদের অবস্থান ছিল পতেঙ্গা। এরপর থেকে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ দুই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, মুঠোফোনের অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিক্ষার্থীর চট্টগ্রামের আশপাশে থাকার তথ্য পাওয়া যায়। তবে অবস্থান শনাক্ত হওয়ার পরপরই তাঁদের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে ফোন দুটিতে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁদের অবস্থান নিশ্চিত করতে পুলিশ মুঠোফোনের সর্বশেষ লোকেশনসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছে।