কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬ লাভ করেছেন কবি জিয়া হকসহ মোট ছয়জন প্রতিভাবান তরুণ লেখক। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

কাঠপেন্সিল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ এবং সভাপতি সীমান্ত আকরামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংস্থাটির উদ্যোগে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে। নির্বাহী কমিটির নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, সাহিত্যের মোট ছয়টি ভিন্ন ভিন্ন শাখায় ছয়জন মেধাবী তরুণ লেখককে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত লেখকদের তালিকায় রয়েছেন— কবিতায় জিয়া হক, কথাসাহিত্যে মনির বেলাল, শিশুসাহিত্যে রবিউল কমল, প্রবন্ধে খোরশেদ মুকুল, অনুবাদ সাহিত্যে মোহাম্মদ সাইফুল্লাহ এবং সম্পাদনায় তাওহীদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, “সাহিত্য পুরস্কারকে ব্যবসায় পরিণত না করে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। জ্ঞানবিমুখ সমাজে ফ্যাসিবাদের উত্থান হয়। জ্ঞানভিত্তিক সমাজে লেখকরা সদা-সর্বদা সজাগ থাকেন। লেখকরা সজাগ থাকলে ফ্যাসিবাদের উত্থান হতো না। লেখক সমাজকে সবসময় সজাগ থাকতে হয়। সমাজের মূল দায়িত্ব পালন করতে হয় লেখক সমাজকেই।”

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও কবি জাকির আবু জাফর এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

কবিতা বিভাগে পুরস্কারপ্রাপ্ত কবি জিয়া হক এই সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে বলেন, “পুরস্কার পাওয়া সবসময়ই আনন্দের। নিজের কাজকে আরও সুন্দর ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে নিতে পুরস্কার দারুণ উৎসাহ হিসেবে কাজ করে। কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার আমার লেখালেখিকে আরও গতিশীল ও ক্ষুরধার করবে।”

উল্লেখ্য যে, স্কুল জীবন শেষ করার আগেই ২০০৫ সালে জিয়া হকের কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়। পরবর্তীতে ২০১৩ সালে তার প্রেমানুকাব্য ‘মিস তোকে মিস করি’ এবং কিশোরকাব্য ‘বন নাচে মন নাচে’ প্রকাশিত হয়। ২০২৩ সালে প্রকাশিত হয় ‘ঢেউ দোলানো নদীর মায়া’ এবং ২০২৬ সালে প্রকাশিত হয় ‘দ্য কালচারাল হিরো’।

সামাজিক যোগাযোগমাধ্যমে জিয়া হকের কবিতার জনপ্রিয়তা সমসাময়িক বাংলা সাহিত্যের ইতিহাসে নজিরবিহীন। তার লেখা ‘হাদির জিন্দাবাদ’, ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ এবং ‘হাদি তুই ফিরে আয়’ কবিতা ও সংগীতগুলো খুব অল্প সময়ের মধ্যেই কোটি কোটি মানুষের আবেগ, ক্ষোভ ও প্রত্যাশার প্রতীকে পরিণত হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে শত মিলিয়নের বেশি ভিউ অর্জন এবং রিলস প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে টপ সার্চে তার নাম উঠে আসা তাকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সাম্প্রতিক বৈশ্বিক সেনসেশনদেরও পেছনে ফেলে একজন বাংলা কবির এমন উত্থান কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলা কবিতার জন্য এক গৌরবের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

মাদারীপুরের শিবচরে জন্মগ্রহণকারী জিয়া হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।