জার্মানির রাজধানী বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন ‘এল-ইরশাদ’ এবং এর সাথে সংশ্লিষ্ট তিনটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র ও ক্রীড়াবিষয়ক সিনেট প্রশাসন। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে অর্থায়ন, প্রচারণা এবং সাংগঠনিক সহায়তা প্রদানের গুরুতর অভিযোগ উঠেছে এই সংগঠনগুলোর বিরুদ্ধে। নিষিদ্ধ হওয়া ‘এল-ইরশাদ’-এর সহযোগী তিনটি প্রতিষ্ঠান হলো আল-কায়েম, আল-থাকালাইন এবং কালাম বিল্ডুংসজেনট্রুম (কালাম এডুকেশন সেন্টার)।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে শহরের ২৮টি ভিন্ন ভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। অভিযানের পাশাপাশি কর্তৃপক্ষ সংগঠনটি ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। ডের স্পিগেল পত্রিকা পুলিশ প্রশাসনের সূত্র ধরে এই তথ্য নিশ্চিত করেছে। তল্লাশির আওতায় ছিল সংগঠনটির প্রধান কার্যালয়, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্যদের ব্যক্তিগত বাসভবন।
বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আইরিস স্প্রাঙ্গার (এসপিডি) এক বিবৃতিতে এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘স্বরাষ্ট্র ও ক্রীড়াবিষয়ক সিনেট প্রশাসনের তদন্তে দেখা গেছে, এল-ইরশাদ নামের সংগঠনটি বার্লিনে সক্রিয় রয়েছে। সংগঠনটি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতির ধারণার বিরোধিতা করে। সংগঠনটির উদ্দেশ্য ও কর্মকাণ্ড প্রচলিত ফৌজদারি আইনের পরিপন্থী।’
স্বরাষ্ট্রমন্ত্রী আইরিস স্প্রাঙ্গার আরও উল্লেখ করেন যে, সংগঠনটি বিভিন্ন কার্যক্রমের আড়ালে কৌশলে হিজবুল্লাহকে সহায়তা প্রদান করত। এই উদ্দেশ্যে তারা লেবাননের ইমাম আল-মাহদি স্কাউটসের আদলে পরিচালিত যুব কার্যক্রম এবং বার্লিনের নয়ক্যোলন এলাকায় অবস্থিত তাদের নিজস্ব মসজিদ ‘মারকাজ আল কায়েম’–কে ব্যবহার করেছে বলে জানা গেছে।
জার্মানির স্বরাষ্ট্র প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এখন থেকে এই নিষিদ্ধ সংগঠন এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কোনো প্রতীক, পরিচিতি চিহ্ন বা সাংগঠনিক নিদর্শন জনসমক্ষে প্রচার কিংবা ব্যবহার করা যাবে না। এছাড়া কর্তৃপক্ষ সংগঠনটির ওয়েবসাইটসহ যাবতীয় অনলাইন উপস্থিতি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।
মঙ্গলবার সকালে বার্লিনের নয়ক্যোলন এলাকার একটি সাধারণ আবাসিক ভবনের সামনে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। সেখানে কয়েক ডজন মুখোশধারী পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি মোতায়েন ছিল। পুলিশ ভবনের প্রবেশপথগুলো ঘিরে ফেলে ভেতরে তল্লাশি চালায় এবং নিরাপত্তার স্বার্থে রাস্তার একটি লেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এই চূড়ান্ত নিষেধাজ্ঞার আগে বার্লিনের একাধিক নিরাপত্তা সংস্থা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ, ফেডারেল অ্যাটর্নি জেনারেল, বার্লিনের জেনারেল প্রসিকিউটর অফিস, বিভিন্ন রাজ্যের সংবিধান সুরক্ষাবিষয়ক গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে দীর্ঘ তদন্ত চালিয়েছে। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে সংস্থাগুলো বিপুল পরিমাণ তথ্য ও উপাত্ত পর্যালোচনা করেছে এবং সংগঠনটির সম্পদ জব্দ করেছে।
উল্লেখ্য, জার্মানিতে ২০২০ সাল থেকে হিজবুল্লাহর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ইরানের মিত্র এই সশস্ত্র সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে লিপ্ত এবং তারা ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার স্বীকার করে না।
পুলিশের ট্রেড ইউনিয়ন এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। বার্লিনে পুলিশের ট্রেড ইউনিয়নের রাজ্য শাখার সভাপতি স্টেফান ভে বলেন, ‘বার্লিনে সদ্য সরকার গঠন নিয়ে আলোচনার সময় আমরা স্পষ্ট করে জানিয়েছিলাম, বার্লিনের দায়িত্ব নিতে আগ্রহী প্রত্যেকের কাছ থেকে আমরা কী প্রত্যাশা করি।’ তিনি আরও বলেন, এসব প্রত্যাশার মধ্যে রয়েছে ইসলামপন্থী চরমপন্থা ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ এবং সেই অবস্থানের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মানসিকতা।