জার্মানির ইতিহাসে ঘটে যাওয়া হলোকাস্ট বা ইহুদি গণহত্যার ঐতিহাসিক দায়ভার মুসলিম অভিবাসীদেরও স্বীকার করতে হবে। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস স্পষ্ট করে বলেছেন, যারা এই ঐতিহাসিক দায়দায়িত্ব মেনে নিতে অস্বীকার করবেন, তাদের জার্মানি ত্যাগ করতে হবে।

গত শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে ইহুদি ক্রীড়াবিদদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে চ্যান্সেলর মের্ৎস এই কঠোর মন্তব্য করেন। স্থানীয় সংবাদমাধ্যম বার্লিনার জাইটুং জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ)-র সূত্র ধরে এই খবরটি প্রকাশ করেছে। ২০২৬ সালের ‘মাকাবিয়া’ ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ীদের সম্মান জানাতে বার্লিনে চ্যান্সেলরের কার্যালয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, প্রতি চার বছর অন্তর ইসরায়েলে ইহুদিদের এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা বিশ্বজুড়ে ‘ইহুদি অলিম্পিক’ হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে উপস্থিত একজন বাস্কেটবল প্রশিক্ষক চ্যান্সেলর মের্ৎসের দৃষ্টি আকর্ষণ করে জানান, তাঁর দলের ইহুদি ক্রীড়াবিদরা যখন ডেভিডের তারকা চিহ্নযুক্ত লাল মাকাবি ট্রেনিং জ্যাকেট পরে রাস্তায় বের হন, তখন তারা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁদের আশঙ্কা, এই পোশাক পরার কারণে তাঁরা যেকোনো মুহূর্তে হামলার শিকার হতে পারেন।

প্রশিক্ষকের এই উদ্বেগের জবাবে মের্ৎস জার্মানির সাবেক রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের একটি ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করিয়ে দেন। ১৯৮৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশটির সংসদে দেওয়া সেই ভাষণে ভাইৎসেকার নাৎসি বাহিনীর নৃশংস অপরাধ এবং পরিকল্পিতভাবে লাখ লাখ ইহুদিকে হত্যার দায় ও দায়িত্বের কথা গুরুত্বের সাথে তুলে ধরেছিলেন।

১৯৮৫ সালের ৮ মে দেওয়া সেই ভাষণে ভাইৎসেকার বলেছিলেন, ‘অতীতে যা ঘটেছিল, তার জন্য তরুণেরা দায়ী নয়; কিন্তু ইতিহাসে সেই ঘটনার পরিণতি কী হবে, তার জন্য তারা দায়ী।’

চ্যান্সেলর মের্ৎস উল্লেখ করেন যে, ভাইৎসেকারের এই কথাগুলো তাঁর কাছে পাথরে খোদাই করা সত্যের মতো অটল এবং এই দায়িত্ব জার্মানির সামগ্রিক সমাজের প্রতিটি স্তরের জন্য প্রযোজ্য। বর্তমান সামাজিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইসলামি দেশগুলো থেকে যাঁরা জার্মানিতে আসেন, তাঁদের ক্ষেত্রেও আমাদের দেশের এই ঐতিহাসিক দায়িত্ব ঠিক একইভাবে প্রযোজ্য। আর কেউ যদি এই দায়িত্ব মেনে না চলেন, তাহলে তাঁকে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে।’

মূলত মুসলিম অভিবাসীদের একটি অংশের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার প্রেক্ষাপটেই চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই কড়া হুঁশিয়ারি প্রদান করেন।