যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবস আয়োজিত মর্যাদাপূর্ণ ‘প্রমিস অ্যাওয়ার্ডস’-এ ‘ইউথ অব দ্য ইয়ার-২০২৬’ সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশের ফাতিহা আয়াত। বিশ্বের ৫০টিরও বেশি দেশের পাঁচ লক্ষাধিক কিশোর-কিশোরীর সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের পেছনে ফেলে এই অনন্য স্বীকৃতি অর্জন করেছেন তিনি।

তরুণ বক্তা, লেখক এবং কনটেন্ট ক্রিয়েটর ফাতিহা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এই সাফল্যের কথা জানিয়েছেন। বিচারকদের কঠোর পর্যালোচনার পর অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে তাকে এই বিশেষ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ফাতিহা গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন এবং মেক্সিকোর এলিসমা অ্যাডামারিকে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। তার এই অভাবনীয় অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সামাজিক অবদান এবং অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ‘ইউথ অব দ্য ইয়ার’ সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের সাফল্য এবং সমাজে তাদের ইতিবাচক ভূমিকার কথা বিশ্বদরবারে তুলে ধরা।

ফাতিহার এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি এবং দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।