এক ইনিংসে ৪০০ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানেই গুটিয়ে যাওয়া। জোহানেসবার্গ টেস্টে ব্যাটিংয়ের এমন চরম বিপরীত চিত্রই শেষ পর্যন্ত বড় হারের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের বিষয়ে খুব একটা চিন্তিত নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার পর বোলিং ও ফিল্ডিংয়ের মারাত্মক ভুলগুলোর কারণেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফর্মহীন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পাশেও দাঁড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করেও বড় ব্যবধানে হার মানতে হয়েছে সফরকারীদের। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ টেস্ট সংগ্রহ। তবে ব্যাটিংয়ের সেই ঐতিহাসিক সাফল্য শেষ পর্যন্ত জয়ের সমীকরণে কাজে আসেনি।

ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘সাধারণত এমন কন্ডিশনে টেস্টের দ্বিতীয় ভাগে ১৮০ থেকে ২২০ রানের মতো হয়। সত্যি বলতে, দ্বিতীয় ইনিংসে আমাদের পারফরম্যান্স নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমার মনে হয়, প্রথম ইনিংসে ৪০০ রান করার পর বোলিং ও ফিল্ডিংয়েই আমরা ভুলগুলো করেছি।’

সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে অধিনায়কের কণ্ঠে। শান্ত বলেন, ‘ওই জায়গাগুলোতে ভালো করতে পারলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেললে খুব বেশি ভুল করার সুযোগ নেই। অনেক বেশি নো বল করা ও ক্যাচ ছাড়ার খেসারত দিতে হয়েছে আমাদের।’

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলাররা মোট ১২টি নো বল করেছেন। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেই ছিল ১০টি। বাকি দুটি নো বল এসেছে মাত্র ৯ বলের দ্বিতীয় ইনিংসে। বোলারদের বারবার ক্রিজের সীমা অতিক্রম করার পাশাপাশি ক্যাচ হাতছাড়া করাও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে কাগিসো রাবাদা ৩৮ রানে থাকা অবস্থায় তাসকিন আহমেদের বলে স্লিপে তার ক্যাচ ছাড়েন স্বয়ং শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে পরে ৭২ রান করেন রাবাদা। রায়ান রিকেলটনের সঙ্গে তার ১১৭ রানের জুটি বাংলাদেশকে আরও চাপে ফেলে দেয়। রিকেলটনও বাংলাদেশের ফিল্ডারদের কাছ থেকে জীবন পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত ১০২ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে প্রথম ইনিংসে নো বলের কারণে একটি উইকেট থেকে বঞ্চিত হন হাসান মাহমুদ।

এমনকি পঞ্চম দিনের শেষ মুহূর্তেও নো বলের ভুলের পুনরাবৃত্তি ঘটে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করামের অফ স্টাম্প উপড়ে ফেলেছিলেন ইবাদত হোসেন। কিন্তু বলটি নো হওয়ায় উইকেট পাননি বাংলাদেশের পেসার।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে ৫৫৭ রান করে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের হয়ে মার্কেস অ্যাকারম্যান ১৫৭ ও রিকেলটন ১০২ রান করেন। এ ছাড়া রাবাদার ৭২ এবং চোট নিয়েও টেম্বা বাভুমার অপরাজিত ৬৮ রানে বড় লিড পায় প্রোটিয়ারা।

১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সাইমন হারমারের ৬ ও রাবাদার ৩ উইকেটে মাত্র ১৬৮ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ১২ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়েই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন নিয়েও কথা বলেছেন শান্ত। তার মতে, কেবল উইকেটে টিকে থাকার চেষ্টা করলে চলবে না, রান করার মানসিকতাও রাখতে হবে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, ব্যাটিংয়ে আমাদের ইতিবাচক থাকতে হবে। শুধু সারাদিন বল ঠেকিয়ে রান করার অপেক্ষায় থাকলে চলবে না। নতুন বলে ব্যাটিং করা বেশ কঠিন। তবে নতুন বলের সময়টা পার করতে পারলে এরপর ব্যাটিং কিছুটা সহজ হয়ে যায়।’

এই টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুই ইনিংস মিলিয়ে মুমিনুল করেছেন মাত্র ১ রান। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ১ রান করেন তিনি। অন্যদিকে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি মুশফিকও। দ্বিতীয় ইনিংসে ৬২ বল খেলে করেন ২২ রান। অর্থাৎ দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাট থেকে চার ইনিংসে এসেছে মাত্র ২৩ রান।

তবে তাদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই শান্তর। বিশেষ করে মুশফিকের অভিজ্ঞতাকে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। শান্ত বলেন, ‘এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মুশফিক ভাই খুব ভালো করেছেন। শুধু তার ব্যাটিং নয়, মাঠের ভেতরে ও বাইরে তাঁর অভিজ্ঞতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুশফিক ভাইকে নিয়ে আমার কোনো সংশয় নেই। আমি নিশ্চিত, তিনি ভালোভাবেই ফিরে আসবেন।’

মুমিনুলকে নিয়েও একই রকম আশাবাদী অধিনায়ক। শান্ত বলেন, ‘মুমিনুল ভাই মানসিকভাবে অনেক শক্ত। আমি নিশ্চিত, তিনিও দ্রুত ঘুরে দাঁড়াবেন।’

হারের মধ্যেও প্রথম ইনিংসের ব্যাটিং থেকে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন শান্ত। দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তকেও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, সাহসের জায়গাটা ছিল টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তে। এমন কন্ডিশনে শেষ কবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, মনে করতে পারছি না। তাই সাহসের অভাব আমাদের নেই।’

প্রথম ইনিংসে অবশ্য সেই সিদ্ধান্তের পর শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। পরে তানজিদ হাসান তামিমের ৬৭ রানে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। এরপর ১২১ রানে ৫ উইকেট হারানো দলকে ২০৬ রানের জুটিতে টেনে তোলেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। হৃদয় করেন ১৩৭ ও লিটন ১২০ রান।

তিন ব্যাটারের প্রশংসা করে শান্ত বলেন, ‘আমরা শুরুটা ভালো করতে পারিনি। তবে হৃদয়, লিটন এবং তানজিদ যেভাবে ব্যাটিং করেছে, তাতে আমি সত্যিই খুশি। দেশের বাইরে গিয়ে দল হিসেবে বড় রান করা আমাদের অন্যতম লক্ষ্য। এই ম্যাচে সেটি করতে পারা বড় ইতিবাচক দিক।’

বিশেষ করে হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ বাংলাদেশ অধিনায়ক। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ইনিংস খেলা তার কাছে বড় প্রাপ্তি।

আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচের হার ভুলে সেখানে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের।