প্রায় দুই দশকের দীর্ঘ প্রতীক্ষা এবং তিস্তা নদীর তীরবর্তী মানুষের মনে ছিল এক বুকভরা প্রত্যাশা। সরকারপ্রধান তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফরকে কেন্দ্র করে নদীপাড়ের বাসিন্দাদের মনে তৈরি হয়েছিল নানা পরিকল্পনা ও হিসাব-নিকাশ। নদী ভাঙন, খরা এবং নদীকেন্দ্রিক জীবন-সংগ্রামের সাথে লড়াই করা স্থানীয়রা আশা করেছিলেন, এই সফর থেকে তিস্তা নদীর স্থায়ী সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসবে। তবে দিনব্যাপী এই সফরে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, গ্যাসলাইন স্থাপন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা আলোচিত হলেও, তিস্তা নদী নিয়ে সরাসরি কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আক্ষেপের সুর শোনা গেছে নদীপাড়ের মানুষের কণ্ঠে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একদিনের সফরে লালমনিরহাটে আগমন ঘটে তারেক রহমানের। সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং ক্যাম্পাস পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট অনুষ্ঠানে তিনি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান। পাশাপাশি আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের কথা উল্লেখ করেন তিনি।

এরপর দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে পানি নিষ্কাশন লক্ষ্যে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি এবং জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় অংশ নেন। এই কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।

জনসভায় দেওয়া বক্তব্যে বিগত সরকারের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করা হয়নি এবং কেন এই এলাকায় গ্যাসলাইন ও ইপিজেড স্থাপন করা হয়নি।” একই সাথে তিনি খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের পরিকল্পনা, আগামী মাস থেকে ফ্যামিলি কার্ডের আওতায় নারীদের মাসিক আড়াই হাজার টাকা সহায়তা, কৃষক কার্ড প্রদান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, প্রাথমিক শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস প্রদান, ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি এবং ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানীর কথা তুলে ধরেন। এছাড়া চলমান নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে সফরে বহুমুখী উন্নয়ন পরিকল্পনার কথা উঠে এলেও তিস্তা নদী ও ভাঙনকবলিত মানুষের স্থায়ী সমাধান নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় কিছুটা হতাশ হয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

তিস্তা পাড়ের বাসিন্দা ও কৃষক মফিজুল ইসলাম বলেন, “প্রতিবছর বর্ষায় ভাঙন আর শুকনো মৌসুমে পানির কষ্টে আমাদের সব শেষ হয়ে যায়। সফর ঘিরে আমাদের অনেক আশা ছিল। ভেবেছিলাম, তিস্তা নিয়ে একটি বড় পরিকল্পনার কথা শুনতে পাব, যা আমাদের বেঁচে থাকার পথ দেখাবে। কিন্তু এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় মনটা একটু খারাপই লাগল।”

নদীপাড়ের আরেক বাসিন্দা রিনা বেগম বলেন, “নদীর কিনারে ঘরবাড়ি নিয়ে কতবার যে ভিটামাটি হারিয়েছি, তার হিসাব নেই। আমাদের প্রত্যাশা ছিল, তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে স্থায়ী কোনো উদ্যোগের কথা জানানো হবে। এ বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি। তবু আশা ছাড়ছি না, সামনে হয়তো আমাদের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় যুবক শরিফুল ইসলাম বলেন, “তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড বা বড় বড় উন্নয়ন পরিকল্পনার কথা শুনে ভালো লেগেছে। তবে আমাদের লালমনিরহাটের অন্যতম প্রধান সমস্যা তিস্তা। তিস্তা বাঁচলে এই অঞ্চলের মানুষও বাঁচবে। তাই তিস্তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের ঘোষণা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল।”

অন্যদিকে তিস্তা পাড়ের মানুষের ব্যক্তিগত প্রত্যাশার পাশাপাশি সফরকে ঘিরে জেলার সার্বিক উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতারা। মঞ্চে উপস্থিত ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

তিস্তা নদীর ভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা এখনো এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা হিসেবে রয়ে গেছে।