নির্বাচনে যখন একজন প্রেসিডেন্ট জনগণের সরাসরি প্রত্যাখ্যানের সম্মুখীন হন, তখন তাঁর সামনে সাধারণত দুটি পথ খোলা থাকে। তিনি হয় নিজের ভুলগুলো শুধরে নিয়ে অবস্থান পরিবর্তন করতে পারেন, অথবা এটি প্রমাণ করতে পারেন যে জনগণের রায়ের তোয়াক্কা তিনি করেন না এবং তাঁর কিছু যায়–আসে না।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় পথটিই বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি তাঁর প্রকৃত রাজনৈতিক অগ্রাধিকারের বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির যে বড় ধরনের পরাজয় হয়েছে, তার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধকে দায়ী করেছেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ককেও পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে, ইরান যুদ্ধ পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল।
অন্যান্য বিশ্লেষকদের মতে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্প পরিবারের সম্পদ বৃদ্ধি এবং জ্বালানি ও খাদ্যের বাড়তি দামের বিষয়টিও ভোটারদের মনে ক্ষোভের সৃষ্টি করেছে।
উল্লিখিত ব্যাখ্যার কোনোটিই ভুল নয়। তবে নির্বাচনের পর ট্রাম্পের প্রথম পদক্ষেপটি একটি ভিন্ন সত্যকে সামনে এনেছে। ভোটাররা কেবল তাঁর সরকারের কাজের বিরোধিতা করেননি, বরং তাঁরা এই সরকারের সামগ্রিক চরিত্রকেই প্রত্যাখ্যান করেছেন।
আর সেই রায়ের জবাব দিতেই ট্রাম্প তাঁর প্রশাসনের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বদের একজন স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন।
এই নিয়োগের গুরুত্ব অনুধাবনের জন্য ট্রাম্পের শাসনপদ্ধতি সম্পর্কে জানা প্রয়োজন। তিনি মূলত প্রথাগতভাবে প্রশাসন পরিচালনা করেন না; বরং নিজেকে সামনে রেখে রাজনৈতিক প্রদর্শনী করতে পছন্দ করেন। প্রশাসনের দৈনন্দিন রুটিন কাজগুলো তিনি অন্যদের ওপর ছেড়ে দেন। ফলে চিফ অব স্টাফ পদটি তাঁর ক্ষেত্রে সাধারণ কোনো সহকারীর পদ নয়, বরং কার্যত এটি প্রধানমন্ত্রীর মতো ক্ষমতাশালী একটি দায়িত্ব।
ইরান যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা দুর্নীতির সঙ্গে মিলারের সরাসরি কোনো সম্পর্ক নেই। তিনি শুল্কনীতি তৈরি করেননি এবং কোনো ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদেও তাঁর নাম নেই। তাঁর মূল পরিচয় হলো অভিবাসনবিরোধী অভিযানের প্রধান পরিকল্পনাকারী হিসেবে। যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন অভিবাসীদের খুঁজে বের করে বহিষ্কার করার যে অভিযান, তাকেই তিনি বর্তমান রূপ দিয়েছেন।
মিলার প্রতিদিন তিন হাজার মানুষকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। এর ফলে যুক্তরাষ্ট্রে এমন এক পুলিশি অভিযান শুরু হয়, যা সাম্প্রতিক জীবিত প্রজন্ম আগে কখনো দেখেনি। মুখোশধারী কর্মকর্তারা পরিচয় না দিয়ে, পরোয়ানা ছাড়াই সাধারণ পোশাকে গাড়িতে করে এসে রাস্তাঘাট থেকে মানুষকে তুলে নিয়ে গেছেন।
এই অভিযান থেকে মার্কিন নাগরিকরাও রেহাই পাননি। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হন। শত শত বহিষ্কৃত মানুষকে এমন সব আফ্রিকান দেশে পাঠানো হয়েছে, যেসব দেশ তাঁরা আগে কখনো দেখেননি। সেখানে তাঁদের বিনা অভিযোগে বন্দী রাখা হয়েছে। এই কঠোর ব্যবস্থারই কারিগর মিলার। এখন সেই ব্যবস্থার প্রধান পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী অনির্বাচিত পদে আসীন হয়েছেন।
ভোটাররা মূলত এই কঠোর নীতির বিরুদ্ধেই রায় দিয়েছেন। নির্বাচনের পর পরিচালিত এক জরিপে প্রতি ১০ জনের ৬ জন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। হিস্পানিক ভোটারদের মধ্যে প্রায় দ্বিগুণ ভোটে ডেমোক্র্যাটরা এগিয়ে ছিলেন। মিলারের নিয়োগের পর রিপাবলিকান সিনেটর থম টিলিস একে সম্ভাব্য সবচেয়ে খারাপ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।
তাঁর প্রশ্ন ছিল, “এত বিভাজন সৃষ্টিকারী একজন মানুষ কীভাবে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার বার্তা হতে পারেন?”
কিন্তু ট্রাম্প কোনো সমঝোতা করতে চাননি। নির্বাচনের মাত্র তিন দিন পর মিলারকে নিয়োগ দিয়ে তিনি সেটিই বুঝিয়ে দিয়েছেন। চাইলে তিনি এক মাস অপেক্ষা করে এই নিয়োগ দিতে পারতেন, কিন্তু যখন নির্বাচনের ফল নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই এই নিয়োগের মাধ্যমে তিনি নিজের বার্তা দিয়েছেন। ট্রাম্প নিজেও বলেছেন, মিলার রাজনৈতিকভাবে খুব ভালো।
আসলে নির্বাচনের রাতে ভোটারদের প্রত্যাখ্যান ট্রাম্পকে অপমানিত করেছে। জনগণের এই রায়কে তিনি একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। জনগণকে তিনি বরখাস্ত করতে পারেন না, মামলা করতে পারেন না কিংবা দেশ থেকে বহিষ্কারও করতে পারেন না। তাই নিজের সিদ্ধান্তের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে, জনগণের রায় তাঁকে বদলাতে পারবে না।
মিলারকে বলা হয় ‘মাগা’ আন্দোলনের আদর্শিক অবচেতনের প্রতীক। ট্রাম্প একজন দক্ষ কৌশলবিদকে নয়, বরং নিজের আন্দোলনের সেই চরম আদর্শিক প্রবণতাকেই ক্ষমতায় বসিয়েছেন।
স্টিফেন হোমস নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল-এর আইন বিভাগের অধ্যাপক।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, ইংরেজি থেকে অনূদিত।