মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তাঁর প্রশাসনে বড় ধরনের রদবদল করতে যাচ্ছেন।
‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের পদে নিয়োগ দিলেন কট্টর অভিবাসনবিরোধী ব্যক্তিত্ব স্টিফেন মিলারকে।
কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের পরাজয়ের পর সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। ওই আলাপচারিতার এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক রস ডৌথাট তাঁর কাছে জানতে চান, মন্ত্রিসভার কোনো সদস্যকে ছাঁটাই করার কথা তিনি ভাবছেন কি না। এই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি ভাবছি। কিছুটা হলেও ভাবছি।’
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘আমি আমার মন্ত্রিসভার সদস্যদের ভালোবাসি। আমি মনে করি তাঁরা ভালো করছেন। তবে আমি...হয়তো কিছু পরিবর্তন আনব।’
তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আপাতত নিরাপদ আছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যদিও সিবিএস নিউজের পূর্ববর্তী এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এই সপ্তাহে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছিলেন যে পেন্টাগন প্রধানকে স্বপদে বহাল রাখা উচিত কি না। সঞ্চালক ডৌথাট যখন হেগসেথের ওপর তাঁর আস্থার কথা জানতে চান, তখন প্রেসিডেন্ট নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আছে।’
সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, ‘দেখুন, আমরা দুটি যুদ্ধে জিতেছি। আমরা ভেনেজুয়েলায় জিতেছি এবং ইতিমধ্যে শত শত ডলার তুলে এনেছি। আর আমরা আরও শত শত কোটি ডলার বের করে আনব এবং খুব সুন্দরভাবে মানিয়ে চলব। আপনি এটাকে একটা ভূখণ্ড বলতে পারেন কিংবা যা ইচ্ছা বলতে পারেন। আমরা এক ঘণ্টারও কম সময়ে সেই যুদ্ধে জিতেছি।’
শুক্রবার সুসি ওয়াইলসের বিদায়ের কথা ঘোষণা করার পর সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান যে তিনি ‘একটি পরিবর্তন আনতে চেয়েছিলেন’, এবং আরও যোগ করেন, ‘জীবনের কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছু পদক্ষেপ নিতেই হয়।’ সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের প্রভাবের কারণেই বৃহস্পতিবার ওয়াইলস তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে ওয়াইলসের পদত্যাগ অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। চলতি বছরের শুরুর দিকে ক্যাবিনেটের কয়েকজন কর্মকর্তা—অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং লেবার সেক্রেটারি লরি চাভেজ-ডি রিমার বিদায় নিলেও, টেলিভিশনে মানুষকে ছাঁটাই করার মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়া এই প্রেসিডেন্ট মূলত তাঁর মূল টিমকে এতদিন অক্ষত রেখেছিলেন।