হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইটকে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাব গ্রহণ করেননি হোয়াইট। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছে।

গত শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু যোদ্ধা।’

পোস্টটিতে ট্রাম্প আরও উল্লেখ করেন যে, তিনি ডানা হোয়াইটকে ছয়জন ইউএফসি যোদ্ধার নাম দিয়ে তাঁদের সহকারী হিসেবে সঙ্গে নেওয়ার কথা বলেছেন। সেই সঙ্গে ওই ছয় যোদ্ধার ছবিও প্রকাশ করেন তিনি। ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘“উন্মাদ” বামপন্থীদের হাত থেকে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানা হবেন অন্য রকম প্রেস সেক্রেটারি। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন!’

প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেস সেক্রেটারি পদে একজন উপযুক্ত ব্যক্তি খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে, কারণ ডেমোক্র্যাট দলটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দাবি করেছেন, ট্রাম্প মূলত মজা করেই এই প্রস্তাবটি দিয়েছিলেন।

ক্যারোলাইন লেভিটের বিদায়ের পর থেকে প্রেস সেক্রেটারির জন্য নতুন মুখ খুঁজছেন ট্রাম্প। এর মাঝে কেটি জাকারাইয়াকে নিয়োগ দেওয়া হলেও মাত্র পাঁচ দিনের মাথায় তিনি তাঁর চাকরি হারান।

গতকাল হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউংও ট্রাম্পের ওই পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে সমর্থন জানান। তিনি লেখেন, ‘অবশ্যই! করে ফেলুন, ডানা হোয়াইট!’

এই পুরো বিষয়টি সম্পর্কে জানতে হোয়াইট হাউস এবং ইউএফসি-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে সিএনএন। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবের বিষয়ে প্রশ্ন করা হলে ডানা হোয়াইট সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি কেবল জানান, আগামী সোমবার ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, একটি সংবাদ সম্মেলন সঠিকভাবে পরিচালনা করতে না পারায় কেটি জাকারাইয়াকে বরখাস্ত করেছিলেন ট্রাম্প। প্রেস সেক্রেটারি হিসেবে তাঁর মাত্র পাঁচ দিনের এই মেয়াদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পদের সবচেয়ে সংক্ষিপ্ত দায়িত্ব পালনের রেকর্ড।

অন্যদিকে, প্রায় দেড় বছর এই পদে দায়িত্ব পালনের পর গত আগস্টে পদত্যাগ করেন ক্যারোলাইন লেভিট। সন্তানদের সঙ্গে অধিক সময় কাটানোর কথা বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। চলতি মাসে তিনি ফক্স নিউজে যোগ দিয়েছেন।

ডানা হোয়াইট দীর্ঘ বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। রিপাবলিকান পার্টির সর্বশেষ তিনটি জাতীয় সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন। ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে ইউএফসি প্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

চলতি বছরের শুরুর দিকে ডানা হোয়াইটের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি আমাকে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাঁদের সম্পর্কে আগে কখনো শুনিনি। তরুণ সব ছেলে। আমি দেখলাম, ২০ বছর বয়সী ছেলেরা আমার সাক্ষাৎকার নিচ্ছে। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, এসব মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো কীভাবে? তারা হলো ইনফ্লুয়েন্সার।’