যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা একদল লোক নিয়ে আইনজীবী এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদকে ঘিরে ধরেন। গত ১৩ নভেম্বর রাজধানীর শান্তিনগরে এই ঘটনাটি ঘটে। তাকে প্রথমে মারধর করা হয় এবং পরবর্তীতে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গত ৮ থেকে ১৪ নভেম্বরের মধ্যে ঢাকা ও বগুড়ায় এই ধরনের মোট ছয়টি ঘটনার কথা জানা গেছে, যেখানে অন্তত ১১ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে চারটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিগত অন্তর্বর্তী সরকারের সময়েও এমন প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, তবে সম্প্রতি এই ধরনের ঘটনার সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ১৩ নভেম্বরের ঘটনার ভিডিওতে রবিউল ইসলাম নয়নকে বলতে শোনা যায়, তিনি থানায় একজন ‘মেহমান’ নিয়ে এসেছেন।

নয়নের অভিযোগ, ওই আইনজীবী আদালত থেকে বোমাবাজ এবং বাসে আগুন দেওয়া আসামিদের জামিন করান। পুরো ঘটনাটি একাধিক ফেসবুক পেজের মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়।

পরদিন ১৪ নভেম্বর আজিমপুরে নয়ন ও তার অনুসারীদের নেতৃত্বে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে রাস্তা থেকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, সোমবার (১৬ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়। ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা মিলে তাদের পুলিশে দেন। এই সময়ে একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককেও হেনস্তা করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত ১০টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে। ঘটনাটি তদন্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শুধুমাত্র রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন স্থানেই এমন ঘটনা ঘটছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরে মারধর করা এবং সেই দৃশ্য ভিডিও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে এ ধরনের ঘটনার প্রকোপ বেড়েছে।

বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নেতৃত্বে ঘটা এমন একাধিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৩ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলের নেতাকর্মীরা এক আওয়ামী লীগ নেতাকে রাস্তায় ঘিরে ধরেন। তাকে মারধরের দৃশ্য মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং পরে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

১১ নভেম্বর বিকেলে ধানমন্ডিতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারী নেত্রী হোসনে আরা নূরী নওরীন। ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে দেন, যার ভিডিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

বগুড়ায় ১০ নভেম্বর ছাত্রদল নেতাকর্মীরা মেস থেকে ছাত্রলীগের এক কর্মীকে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এর আগে, ৮ ও ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর ছাত্রলীগ সন্দেহে তিনজনকে আটক করে মারধর করা হয় এবং তাদের শাহবাগ থানায় দেওয়া হয়। তবে পরবর্তীতে জানা যায়, ওই তিনজনের একজন নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন।

এছাড়া রাজধানীর মিরপুর ও উত্তরা, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে একইভাবে আটক, মারধর এবং পুলিশে দেওয়ার ঘটনা ঘটেছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষকে নিষ্পেষণের প্রবণতা চলে আসছে। তবে এটি কোনোভাবেই সঠিক রাজনীতি হতে পারে না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা মোটেও গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘আইনের দৃষ্টিতে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে নির্দোষ ধরা হয়। তদন্ত ও যাচাই-বাছাইয়ের আগে কাউকে ভিডিও করে অপরাধী হিসেবে প্রচার করা হলে, পরে তিনি নির্দোষ প্রমাণিত হলে এর দায় কে নেবে? এটি স্পষ্টতই মানবাধিকার ও ব্যক্তির নিজস্ব অধিকারের লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড সমাজ ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে।’

আইন বিশেষজ্ঞদের মতে, সাধারণ নাগরিক বা কোনো রাজনৈতিক দলের কর্মীর এভাবে কাউকে আটক, মারধর কিংবা ভিডিও করে জনসম্মুখে হেনস্তা করার কোনো অধিকার নেই। ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী, কোনো সাধারণ নাগরিক কেবল তখনই কাউকে আটক করতে পারেন, যখন ওই ব্যক্তি তার সামনে আমলযোগ্য ও জামিন-অযোগ্য অপরাধ করেন। সেক্ষেত্রে বলপ্রয়োগ বা মারধর না করে তাকে পুলিশের কাছে দিতে হবে। রাস্তায় সন্দেহবশত কাউকে ধরা বা আগের কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে আটকের এখতিয়ার সাধারণ নাগরিকের নেই।

দণ্ডবিধির ৩১৯ ও ৩২৩ ধারা অনুযায়ী, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে আটক করে মারধর করা একটি শাস্তিযোগ্য অপরাধ।

এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘কোনো ব্যক্তির উপস্থিতিতে কোনো আমলযোগ্য অপরাধ কেউ সংঘটন করলে, ওই ব্যক্তি অপরাধীকে আটক করে নিকটস্থ পুলিশ অফিসারের কাছে সোপর্দ করতে পারে। এ ছাড়া আত্মরক্ষার কারণ ছাড়া আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, ‘যে কোনো আইনবহির্ভূত কর্মকাণ্ড বা যেটা পুলিশের দায়িত্ব সেটা যদি অন্য কেউ পালন করে সেটি আমরা সমর্থন করি না। জনগণ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবে, গ্রেপ্তারের ক্ষেত্রেও সহযোগিতা করবে। যদি কাউকে দেখা যায় যে, আমলযোগ্য অপরাধ করেছে, তাহলে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ডিএমপি কখনও সমর্থন করে না।’

তিনি আরও জানান, ‘এই বিষয়গুলো যদি ডিএমপির কাছে কখনো অভিযোগ আকারে আসে, তাহলে ডিএমপি অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে।’