নিষিদ্ধ ছাত্রলীগের আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাসে কিংবা রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তার পরিণতি অত্যন্ত ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।

আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বর্তমান কর্মকাণ্ডকে একটি ‘আঞ্চলিক দলের’ সঙ্গে তুলনা করে ছাত্রদল সভাপতি বলেন, “ওই সর্বশেষ একটা আঞ্চলিক দলের মতো একটি জেলার এক-দুইটা থানায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সহিংসতা করেছে। আমরা আনুষ্ঠানিকভাবে কোনো নেতাকর্মীকে আজ পর্যন্ত কোনো নির্দেশনা দিইনি। কারণ আমরা তাদের সেই পরিমাণ কাউন্ট করছি না।”

তিনি আরও উল্লেখ করেন যে, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে ককটেল নিক্ষেপ বা ছোটখাটো ঘটনার মাধ্যমে তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও ছাত্রদল তাতে সাড়া দেবে না। রাকিবুল ইসলাম রাকিব বলেন, “রাতের অন্ধকারে টুকাই দিয়ে দুই-তিনটি ককটেল ফোটানো কিংবা সারা দেশে কোথাও মিছিল করতে না পেরে বিচ্ছিন্নভাবে কোথাও ছোটোখাটো ঘটনা ঘটানোর জন্য ছাত্রদল কোনো পাল্টা কর্মসূচি দেবে না। ছাত্রদল তার নিজস্ব সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে।”

আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসের কথা জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, “আমরা ব্যক্তিগতভাবে ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছি, যদি এ ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত কাউকে ক্যাম্পাসে পাওয়া যায়, তবে তাকে পুলিশের কাছে সোপর্দ করার জন্য। আমরা আইনের শাসনে বিশ্বাসী। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। সেজন্য আমরা সেই গণতান্ত্রিকপন্থা অবলম্বন করছি।”

সাধারণ ছাত্র ও জনতার ক্ষোভের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন যে, সন্ত্রাসীদের জন্য পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তিনি বলেন, “বেশ কিছু জায়গায় ছাত্র-জনতা আমাদের এ আহ্বান কেয়ার করছে না। গণপিটুনি কাকে বলে এবং এ সন্ত্রাসীদের বিরুদ্ধে কী ধরনের প্রতিরোধ গড়ে উঠছে, এগুলো যেন সন্ত্রাসীরা মনে রাখে। ১৮ বা ১৯ তারিখে আমাদের কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম থাকবে না, আমরা আমাদের মতোই চলব। কিন্তু যদি কোনো সন্ত্রাসী ক্যাম্পাসে বা রাজপথে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর দুঃসাহস দেখায়, তার পরিণতি হবে ভয়ংকর।”

পরিশেষে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, “সেই পরিণতি বরণ করার মতো সৎসাহস যদি থাকে কিংবা শেখ পরিবারের কোনো সদস্যের দেশে আসার মতো সৎসাহস থাকে, তবে তারা এসে যেন নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান। তাহলে আমরা বুঝব, আমাদের ছাত্রদলের নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা উচিত।”