ই-কমার্স খাতের পরিচিত প্ল্যাটফর্ম পিকাবুতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এক্স অ্যাঞ্জেল লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের এক্স অ্যাঞ্জেল ফার্স্ট প্রাইভেট ইকুইটি ফান্ডের মাধ্যমে এই বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান। অন্যদিকে, পিকাবুর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার।
এছাড়া পিকাবুর বর্তমান শেয়ারহোল্ডার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট নাফিস আলম।
অনুষ্ঠানে কথা বলার সময় এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, ‘এক্স অ্যাঞ্জেল দেশের সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের অগ্রযাত্রার অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। পিকাবুর মতো একটি স্বনামধন্য ও বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগ আমাদের সেই লক্ষ্য।’
পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার এই অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এক্স অ্যাঞ্জেল লিমিটেডের সঙ্গে এই অংশীদারত্ব পিকাবুর ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্স অ্যাঞ্জেলের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে আশাবাদী।’
উল্লেখ্য যে, এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে পিকাবুর ১৫ লাখ মার্কিন ডলারের প্রি-সিরিজ রাউন্ডে বিনিয়োগ করেছিল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল)। ওই বিনিয়োগ রাউন্ডের নেতৃত্ব দিয়েছিল আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১। এই প্রসঙ্গে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই বলেন, ‘দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বেসরকারি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পিকাবুতে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের বিনিয়োগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’