এক সময়ের মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ব্যবসা এবং পাইকারি বাজার থেকে পোশাক ও বিছানা চাদর কিনে অনলাইনে বিক্রির অভিজ্ঞতা থেকে আজ এক সফল উদ্যোক্তা নিতাই সরকার। নিজস্ব উৎপাদন ও অনলাইন বিপণনের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন গৃহসজ্জার জনপ্রিয় ব্র্যান্ড ‘অর্থা’। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিছানা চাদর বা বেডশিট, বালিশ, বালিশের কাভার, পর্দা, মশারি ও কমফোর্টারের মতো বিভিন্ন হোমডেকোর পণ্য তৈরি ও বাজারজাত করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২১ জন কর্মী কর্মরত আছেন এবং বছরে এর আয় এক কোটি টাকার বেশি।

নিতাই সরকারের ব্যবসায়িক আগ্রহের জন্ম হয়েছিল শৈশবে। পূজার অনুষ্ঠানে শখ করে চানাচুর ও আপেল বিক্রি করার মধ্য দিয়ে তাঁর ভেতরে উদ্যোক্তা হওয়ার বীজ রোপিত হয়। যদিও স্নাতক শেষ করার পর তিনি তিন বছর চাকরি করেন, তবে ছোটবেলার সেই আগ্রহই শেষ পর্যন্ত তাঁকে ব্যবসার পথে নিয়ে আসে।

প্রায় এক যুগ আগে যাত্রা শুরু করা ‘অর্থা’ এখন একটি প্রতিষ্ঠিত নাম। গত মঙ্গলবার মিরপুর ১ নম্বরের পাইকপাড়ায় অবস্থিত নিজ কার্যালয়ে বসে কথা হয় অর্থার প্রতিষ্ঠাতা নিতাই সরকারের সঙ্গে। আলাপচারিতার এক পর্যায়ে তিনি তাঁর উদ্যোক্তাজীবনের নানা উত্থান-পতনের গল্প শোনান।

চাঁদপুরের কচুয়া থানার ঘাগড়া গ্রামে নিতাই সরকারের জন্ম। তাঁর বাবা সরকারি চাকরিজীবী এবং মা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। স্থানীয়ভাবে মাধ্যমিক এবং কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে তিনি ২০১২ সালে ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিপণন বিষয়ে বিবিএ সম্পন্ন করেন।

নিতাই সরকার জানান, বিবিএ শেষ করার পর তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইন্টার্নশিপ পাওয়া। ঢাকায় পরিচিতজন বা পেশাগত নেটওয়ার্ক না থাকায় দীর্ঘ ছয় মাস চেষ্টা করেও তিনি কোনো সুযোগ পাচ্ছিলেন না। তবে হতাশ হয়ে বসে না থেকে তিনি পুরান ঢাকায় মামার ফার্মেসির পাশে ফ্লেক্সিলোডের ব্যবসা শুরু করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সহযোগিতায় ‘ফরচুনা বাংলাদেশ’ নামক একটি জুতার কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পান এবং সেখানে প্রায় তিন বছর কাজ করেন।

ফরচুনায় তাঁর দায়িত্ব কেবল নির্দিষ্ট কোনো বিভাগে সীমাবদ্ধ ছিল না। কাস্টমার ফিডব্যাক গ্রহণ, প্রোডাক্ট ফটোগ্রাফি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, ফেসবুক পেজ পরিচালনা, পণ্য ডেলিভারি এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ— প্রায় সব ধরনের কাজই তিনি হাতে-কলমে শিখেছেন। একটি ই-কমার্স প্রতিষ্ঠান কীভাবে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে, তার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন সেখানে।

সেই অভিজ্ঞতাকে পরবর্তীতে তিনি নিজের ব্যবসার ভিত্তি হিসেবে কাজে লাগান। তাঁর ভাষায়, “ফরচুনায় কাজ করার সময় শুধু পণ্য বিক্রি শিখিনি, একটি ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কাজের সঙ্গে পরিচিত হয়েছি। এ ছাড়া বিভিন্ন মেলায় অংশগ্রহণের মাধ্যমে তৈরি হয়েছে বিস্তৃত নেটওয়ার্ক, যার অনেকেই পরে তাঁর গ্রাহক হয়েছেন।”

২০১৫ সালের শেষ দিকে চাকরি ছেড়ে ব্যবসায় নামেন নিতাই। শুরুতে তাঁর পরিকল্পনা ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার। এর আগে ২০১৪ সালের শেষ দিকে ‘অর্থা’ নামে একটি ফেসবুক পেজও খোলেন তিনি। তবে পরিকল্পনা অনুযায়ী কাজ এগোয়নি। এই সময়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)-এর বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে অনেক উদ্যোক্তার সঙ্গে তাঁর পরিচিতি বাড়ে, যা তাঁকে অনলাইনে পণ্য বিক্রির অনুপ্রেরণা দেয়। প্রথমে অর্থার পেজে জুয়েলারির ছবি পোস্ট করে বিক্রি শুরু করেন তিনি। বিভিন্ন দোকান ও ব্যবসায়ীর কাছ থেকে পণ্যের ছবি সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করতেন এবং অর্ডার পেলে সরবরাহকারীর কাছ থেকে পণ্য এনে গ্রাহককে পৌঁছে দিতেন। এভাবে ২০১৬ সালে বিভিন্ন পণ্য বিক্রি করে প্রায় ১৬ লাখ টাকা আয় করেন তিনি, যার বড় অংশই এসেছিল থ্রি-পিস বিক্রি থেকে। পাশাপাশি অনলাইনে বেডশিট ও বালিশের কাভারও বিক্রি শুরু করেন তিনি।

তবে থ্রি-পিসের বাজারে প্রতিযোগিতার ভিড়ে বিশেষায়িত ব্র্যান্ড হওয়ার সুযোগ খুঁজছিলেন তিনি। একজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শে তিনি থ্রি-পিস ছেড়ে শুধু আট পিসের বেডশিট সেটের ব্যবসায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তই তাঁর ব্যবসার গতিপথ বদলে দেয়।

শুরুতে রাজধানীর ইসলামপুর থেকে কাপড় সংগ্রহ করে দর্জি বা টেইলারের মাধ্যমে বেডশিট তৈরি করিয়ে অনলাইনে বিক্রি করতেন তিনি। ২০১৭ সালে মিরপুরের পাইকপাড়ায় একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে সেলাই মেশিন স্থাপন করেন এবং একজন দক্ষ কারিগর নিয়োগ করেন। সে সময় মেশিন কেনা, রুম ভাড়া ও অগ্রিম মিলিয়ে প্রাথমিক বিনিয়োগ ছিল প্রায় ৯০ হাজার টাকা। ব্যবসা বড় হওয়ার সাথে সাথে পুঁজির প্রয়োজন বাড়লেও প্রথম ঋণ পেতে তাঁকে অনেক বেগ পেতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও জামিনদারের অভাব ছিল বড় বাধা। তাঁর মতে, নতুন উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে তাঁর ব্যবসায় মোট বিনিয়োগ ৫০ লাখ টাকার বেশি, যার মধ্যে ব্যাংকঋণের পরিমাণ প্রায় ৩২ লাখ টাকা।

বর্তমানে অর্থার প্রধান পণ্য হলো বেডশিট, বালিশ, পর্দা, মশারি ও কমফোর্টার। নিতাইয়ের হিসাব অনুযায়ী, মোট ব্যবসার প্রায় ৭০ শতাংশ আসে বেডশিট থেকে এবং বাকি ৩০ শতাংশ আসে অন্যান্য পণ্য থেকে। গত শীত মৌসুমে প্রতিষ্ঠানটি প্রায় ১০ হাজার কমফোর্টার বিক্রি করেছে। এ পর্যন্ত এক লাখের বেশি গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিয়েছে অর্থা। মিরপুরে ছোট কারখানার পাশাপাশি রয়েছে একটি শোরুম এবং অফিস।

অর্থার তৈরি প্রতিটি বেডশিট ও কমফোর্টার ১ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়, মশারি ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকায় এবং প্রতি পিস পর্দা ৫০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হয়। শোরুমের সাধারণ গ্রাহক থেকে শুরু করে অনলাইন ও মেলায় বিক্রির মাধ্যমে অর্থা তাদের বৈচিত্র্যময় গ্রাহকবেস তৈরি করেছে। এছাড়া বিভিন্ন হোটেল-রিসোর্ট, হাসপাতাল ও করপোরেট প্রতিষ্ঠানেও তাদের পণ্য সরবরাহ করা হয়। তবে মোট বিক্রির প্রায় ৮০ শতাংশই আসে অনলাইন থেকে।

ভবিষ্যতে অনলাইননির্ভরতা কমিয়ে শোরুমের সংখ্যা বাড়াতে চান নিতাই সরকার। পাশাপাশি পাট ও কাপড়ের সমন্বয়ে নতুন পণ্য তৈরির পরিকল্পনা করছেন তিনি। তাঁর কাছে ব্যবসা মানে কেবল মুনাফা অর্জন নয়, বরং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করা। এজন্য লাভের একটি অংশ তিনি গ্রাহকদের জন্য বিনিয়োগ করেন।

নিতাই সরকার মনে করেন, “মানুষ পোশাক ও খাবারের মান নিয়ে যতটা সচেতন, ঘুমের পরিবেশ নিয়ে ততটা নয়। অথচ দিনের প্রায় আট ঘণ্টা মানুষ বিছানায় কাটায়। তাই ঘুমের ঘরের পণ্য নির্বাচনে ফেব্রিক ও আরামের বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত।” এই লক্ষ্যেই পণ্যের ফেব্রিক, সেলাই ও সঠিক মাপের প্রতি বিশেষ গুরুত্ব দেয় অর্থা।

ব্যবসায়িক জীবনের কঠিন সময়ে মায়ের একটি কথা তাঁকে সাহস জুগিয়েছে, “তুই কখনো অন্যকে ঠকাবি না, তাহলে নিজেও ঠকবি না।” মায়ের দেওয়া এই আশ্বাস তাঁর কাছে কেবল আবেগের বিষয় নয়, বরং একজন উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার মূল শক্তি।