বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাডটকমে অনুমোদিত সরবরাহকারী হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যার। এই নতুন সংযোজনের ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে সরাসরি পণ্য পৌঁছে দিতে পারবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে স্টেপ ফুটওয়্যারের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল, যারা বাংলাদেশে আলিবাবাডটকমে পার্টনার হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

গতকাল রবিবার ঢাকার উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটি এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম হোসেন।

সাক্ষর অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

গত এক দশক ধরে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের মানসম্মত জুতা বাজারজাত করে আসছে স্টেপ ফুটওয়্যার। এখন আলিবাবাডটকমে যুক্ত হওয়ার ফলে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বিটুবি (B2B) বাণিজ্যের ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের পণ্য ও উৎপাদন সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের আমদানিকারক, পাইকারি ক্রেতা এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপন, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের পথ প্রশস্ত হবে।

এই চুক্তি প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”